সংক্ষেপে সারা দেশ
পচা-বাসি খাবারফরিদপুরে ভ্রাম্যমাণ আদালত পচা, বাসি এবং মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে ফরিদপুরের চরভদ্রাসনের দুটি বেকারি ও একটি খাবার হোটেলকে ৫০০ টাকা করে মোট এক হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিল আফরোজা বেগম উপজেলা সদরে এ অভিযানে নেতৃত্ব দেন। আদালত সিকদার বেকারি, তাপস বেকারি ও মৃদুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে এই জরিমানা করেন। ফরিদপুর অফিস।সংকেতবাতি চুরিপার্বতীপুর রেলস্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের ট্রেন ছাড়ার ১৩ নম্বর সংকেতবাতি গত বুধবার গভীর রাতে চুরি হয়েছে। এতে স্টেশনের মিটারগেজ লাইনে সময়মতো ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। স্টেশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লুৎফর রহমান জানান, রাতের বেলা কে বা কারা সংকেতবাতিটি চুরি করে নিয়ে যায়। বিকল্প সংকেত পদ্ধতির মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যাপারে পার্বতীপুর রেল থানায় মামলা করা হয়েছে। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।সানা রিমান্ডেসাতক্ষীরার তালায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ও বিদ্যুৎ বাহিনীর দ্বিতীয় প্রধান মোজাফ্ফার সানাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সাতক্ষীরার অতিরিক্ত প্রধান বিচারিক হাকিম গোলাম আযম এ রিমান্ডের আদেশ দেন। তালা থানার উপপরিদর্শক কাজী নাসিরুল ইসলাম জানান, মোজাফ্ফারকে ছিনতাই মামলায় আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।