সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলনমেলামৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মিলনমেলা আগামী ১১ ও ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মিলনমেলায় ১৮৯১ সাল থেকে সদ্য প্রাক্তন হওয়া যেকোনো ছাত্র অংশ নিতে পারবেন। ৩০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে। এ জন্য মৌলভীবাজারের কোর্ট রোডের স্কাউট ভবনে অস্থায়ী কার্যালয় খোলা হয়েছে। নিবন্ধনের জন্য যোগাযোগ করা যাবে ০১৭৫৯৬৬৫৫৮৮ ও ০১৫৫২৪৩৯১৫৫ নম্বরে। বিজ্ঞপ্তি। পালাতে গিয়ে নাটোরের লালপুরে গতকাল বুধবার এক ব্যক্তি পুলিশের বাধা ডিঙিয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। মোটরসাইকেল ফেলে লাফিয়ে পালানোর সময় তাঁর পা ভেঙে গেছে। স্থানীয় থানা সূত্রে জানা গেছে, পুলিশ গতকাল ঈশ্বরদী-বাঘা সড়কে অস্থায়ী প্রতিবন্ধক বসায়। এ সময় তাজমুল (২৫) নামের ওই ব্যক্তি তা ডিঙিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাঁকে আটক করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তাঁর কাছ থেকে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তিনি রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের আসকান আলীর ছেলে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, তাজমুলের ডান পা ভেঙে গেছে। লালপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। লালপুর (নাটোর) প্রতিনিধি।কারখানায় অভিযান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে গড়া তিনটি কাঠ কয়লা তৈরির কারখানার মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করাসহ ছয়টি কারখানার ২০টি চুলা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী হাকিম মো. রবিউল ইসলাম ও সুদীপ দেবনাথ এ আদালত পরিচালনা করেন। রবিউল ইসলাম প্রথম আলোকে জানান, উপজেলার হোতখালী গ্রামের বেলায়েত হোসেনকে ১০ হাজার টাকা, একই গ্রামের জালাল মিয়াকে ১০ হাজার টাকা ও বান্ধবপাড়া গ্রামের খলিল পহলানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ২৫ জুন প্রথম আলোয় ‘লোকালয়ে কাঠকয়লা তৈরির কারখানা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।