সংক্ষেপে সারা দেশ
শিশু তলিয়ে গেছে বরগুনার আমতলী ফেরিঘাটের পন্টুন থেকে পড়ে সমীরণ (৫) নামের এক শিশু নদীতে তলিয়ে গেছে। শিশুটির মা সবিতা রানী জানান, একমাত্র ছেলে সমীরণকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশে গতকাল শুক্রবার দুপুরে তিনি আমতলী (আমতলী-বরগুনা নৌপথ) ফেরিঘাটে যান। এ সময় হঠাৎ সমীরণ দৌড়ে ফেরিঘাটের পন্টুনের কিনারায় চলে যায়। একপর্যায়ে নিচে পড়ে গিয়ে সে পায়রা নদীতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন নদীতে অনুসন্ধান চালিয়েও সমীরণকে খুঁজে পায়নি। এ বিষয়ে আমতলী থানায় মামলা হয়েছে। আমতলী (বরগুনা) প্রতিনিধি।গ্রেপ্তার ২ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন: বিষ্ণু রবি দাস (৩০) ও মালি রবি দাস (৩৩)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে উপজেলার দাসপাড়া গ্রামে বিষ্ণু ও মালির বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ২০০ লিটার চোলাই মদ ও মদ উৎপাদনের সরঞ্জামসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাকির হোসেন ভূঁইয়া বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।উৎপাদন বন্ধ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সার কারখানায় দুই দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে। যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড (জেএফসিএল) সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে ওই দিন থেকেই সার উৎপাদন বন্ধ হয়ে যায়। জেএফসিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য কুমার দেব জানান, তিন-চার দিনের মধ্যে প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটি মেরামত করা হবে। এতে কারখানার উৎপাদন স্বাভাবিক হয়ে আসবে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।