সংক্ষেপে সারা দেশ
গ্রেপ্তার ৩খুলনা নগরের কয়লাঘাটে একটি ট্রলার থেকে চুরি হওয়া বৈদ্যুতিক সরঞ্জামসহ তিনজনকে গতকাল শনিবার গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক শাহ আওলাদ হোসেন বলেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন ধরে নগরের বিভিন্ন স্থান থেকে বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করে আসছিল। গতকাল ভোরে কয়লাঘাটে একটি ট্রলার থেকে দুটি বৈদ্যুতিক খুঁটি ও তার কাটার সরঞ্জামসহ আহাদ উল্লাহ, লোকমান হোসেন ও মো. জুয়েল নামের ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। খুলনা প্রতিনিধি।জরিমানানীলফামারীর সৈয়দপুরে ২৬টি যানবাহনের চালকের কাছ থেকে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় গতকাল শনিবার দুপুরে বিভিন্ন যানবাহনের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন। শহরের উপকণ্ঠে চৌমুহনী বাজারে সৈয়দপুর-পার্বতীপুর সড়কে ওই অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন যানবাহনের চালকের অনুমতিপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।উৎপাদন শুরুজামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) গত শুক্রবার থেকে আবার উৎপাদন শুরু হয়েছে। গত বুধবার কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সার উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য কুমার দেব গতকাল শনিবার সন্ধ্যায় জানান, যান্ত্রিক ত্রুটি মেরামতের পর সার উৎপাদন শুরু হয়েছে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।আসামি গ্রেপ্তার হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ বরগ গ্রামে একটি হত্যার ঘটনায় গত শুক্রবার রাতে সুরুক মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাধবপুর থানার এসআই ইয়াছিনুল হক জানান, শুক্রবার বিকেলে দক্ষিণ বরগ গ্রামে মারধরের শিকার হয়ে সাজেদা খাতুন (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। তাঁর শরীরে জখমের চিহ্ন ছিল। এ ঘটনায় গৃহবধূর স্বামী সাজেদার ভাই সুরুক মিয়া (৪৫) ও তাঁর স্ত্রীকে আসামি করে মামলা করেন। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।