সংক্ষেপে সারা দেশ
হরিনাম সংকীর্তনবারদী শ্রীশ্রীলোকনাথ ব্রহ্মচারী আশ্রমে কাল রোববার থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী শ্রীশ্রীহরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। প্রতি রাত ১২টা থেকে দুইটা পর্যন্ত অনুষ্ঠিত হবে রাসকীর্তন। এ ছাড়া থাকবে শ্রীনাম সুধা পরিবেশনা। শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপন অনুষ্ঠিত হবে আজ। আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শংকর কুমার দে সবার সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি।পাখি উদ্ধারখুলনার রূপসা উপজেলার নৈহাটি গ্রাম থেকে গত বৃহস্পতিবার ২৭টি অতিথি পাখি উদ্ধার করা হয়েছে। এ সময় পাখি ধরার জাল, ফাঁদসহ অহিদুল ইসলাম ও বিল্লাল নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবু নাসের মোহাম্মদ ইয়াসিন নেওয়াজ জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কারাগারে পাঠানো সহ পাখিগুলো অবমুক্ত করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, খুলনাল্যাপটপ বিতরণযশোরের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে যশোর টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তর খুলনা অঞ্চলের উপপরিচালক টি এম জাকির হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। যশোর অফিস।