সংক্ষেপে সারা দেশ
উদীচীর কমিটি গঠনউদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের ১৭তম সম্মেলন গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সৌমেশ মুখার্জিকে সভাপতি ও ডি এম শাহিদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যের কমিটি গঠন করা হয়। ‘কাটুক অমানিশা, জ্বলুক ধ্রুবতারা’ স্লোগান সামনে রেখে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ সেলিম। পরে বর্ণাঢ্য এক শোভাযাত্রা শহর ঘুরে টাউন হল মাঠের উদীচী ট্র্যাজেডি স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে ১৯৯৯ সালে উদীচীর সম্মেলনে বোমা হামলায় নিহত ১০ জনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। যশোর অফিস।যুবকের সাজা কিশোরগঞ্জের তাড়াইলে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টার দায়ে বৃহস্পতিবার শরবউদ্দিন ওরফে সবুজ মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শরবউদ্দিন উপজেলার রাউতি গ্রামের মৃত জুলফত মিয়ার ছেলে। আদালত সূত্রে জানা গেছে, শরবউদ্দিন বেশ কিছুদিন ধরে উপজেলার এক গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিলেন। সম্প্রতি তিনি তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন। এ ঘটনায় বৃহস্পতিবার গৃহবধূ স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। এ দিনই পুলিশ তাঁকে আটক করে। রাতে নির্বাহী হাকিম ইউএনও সাজিয়া জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শরবউদ্দিনকে ওই সাজা দেন। তাড়াইল থানার ওসি মো. বজলুর রহমান বলেন, আটক ব্যক্তিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।