সংক্ষেপে সারা দেশ
বাপসার কর্মসূচিবেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অব সেপটিক অ্যাবরশন, বাংলাদেশের (বাপসা) উদ্যোগে ‘যুব সমাজের প্রজননস্বাস্থ্য ও অধিকার সচেতনতায় বাপসার কর্মসূচি’ শীর্ষক এক সংবাদ সম্মেলন হয়েছে। রাজধানীর ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস ক্যাফেতে গতকাল শনিবার আয়োজিত ওই সম্মেলনের আয়োজন করা হয়। বাপসার প্রশিক্ষক শামীমা আক্তার চৌধুরী ভবিষ্যতে নিরাপদ প্রজননস্বাস্থ্য নিশ্চিত করতে কিশোর-কিশোরীদের সচেতনতার গুরুত্ব এবং বাপসার বিভিন্ন কর্মসূচি ব্যাখ্যা করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন বাপসার পরিচালক আলতাফ হোসেন, আরএইচ স্টেপসের নির্বাহী পরিচালক কাজী সুরাইয়া সুলতানা প্রমুখ। বিজ্ঞপ্তি।ছাত্র নিহত যশোরের অভয়নগর উপজেলায় একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র দীপ্ত রায় (১৭) নিহত হয়েছে। উপজেলার সুন্দলী বাজারের কুচলিয়া বটতলা এলাকায় গতকাল বিকেলে ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দীপ্ত নিহত হয়। তার সহযাত্রী উৎপল রায়কে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সুন্দলী এসটি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র দীপ্তর বাবার নাম বিদ্যুৎ রায়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুল ছালেক বলেন, ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভয়নগর (যশোর) প্রতিনিধি। গুলিবিদ্ধ লাশ নরসিংদীর পলাশ উপজেলায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার ঘোড়াশাল আমতলা এলাকায় সড়কসংলগ্ন পরিত্যক্ত জমি থেকে পুলিশ গতকাল শনিবার সকালে লাশটি উদ্ধার করে। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাশ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের শরীরে মোট পাঁচটি গুলির চিহ্ন রয়েছে। নরসিংদী প্রতিনিধি।অজ্ঞাতপরিচয় লাশ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার কানাইনগর এলাকায় মেঘনা নদী থেকে পুলিশ গতকাল শনিবার দুপুরে ওই লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, লাশটি গলা কাটা অবস্থায় পাওয়া গেছে। নিহতের পরনে চেক শার্ট ও সাদা লুঙ্গি ছিল। সম্ভবত হত্যা করে তাঁকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি। বাল্যবিবাহমুক্ত গ্রামটাঙ্গাইলের সখীপুর উপজেলার ছোট মৌশা গ্রামকে ‘বাল্যবিবাহমুক্ত’ ঘোষণা করা হয়েছে। স্থানীয় মৌশা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার বিকেলে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় ওই গ্রামের ২৮০ জন অভিভাবক নিজেদের মেয়েকে অপ্রাপ্ত বয়সে বিয়ে না দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দেন। বেসরকারি সংস্থা সেন্টার ফর মাস এডুকেশন ইন সায়েন্স (সিএমইএস) ওই অনুষ্ঠানের আয়োজন করে। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।