সংক্ষেপে সারা দেশ
কম্বল বিতরণকুষ্টিয়ায় গরিব ও ছিন্নমূল মানুষের মধ্যে দুই দিনে দুই হাজার ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এসব কম্বল জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের তত্ত্বাবধানে বিতরণ করা হয়। গত মঙ্গলবার রাতে এবং গতকাল বুধবার সকালে জেলার ছয়টি উপজেলার রেলস্টেশন ও সড়কের পাশের দরিদ্র মানুষকে এসব কম্বল দেওয়া হয়। কম্বল বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোল্লা মাহমুদ হাসান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আবুল কালাম আজাদসহ জেলা প্রশাসনের নির্বাহী হাকিমেরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়া অফিস।যুবক আটকচাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা রেলক্রসিং এলাকায় ১৫ কেজি গাঁজাসহ মো. শাহিন আলম (২৪) নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার দুপুর ১২টায় কুমিল্লা থেকে চাঁদপুরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়। শাহিন আলম কুমিল্লা শহরের ব্রাহ্মণপাড়া এলাকার জজ মিয়ার ছেলে। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন জানান, শাহিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। চাঁদপুর প্রতিনিধি।শীতবস্ত্র বিতরণসিরাজগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ ছাড়া তাদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। গতকাল বুধবার সকালে কান্দাপাড়া উচ্চবিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ ও বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন বিগ্রেডিয়ার জেনারেল আজমল কবির। ৪০০ শীতার্ত মানুষকে শীতবস্ত্র এবং শতাধিক মানুষকে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৬ বীর ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার ও কান্দাপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কান্তি দাস। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।চিকিৎসাকেন্দ্র উদ্বোধনফরিদপুরে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য একটি চিকিৎসাকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার শহরের হাবেলী গোপালপুরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির সামনে সেনাবাহিনীর বোর্ড অফিসে কেন্দ্রটি উদ্বোধন করা হয়। বেলা ১১টায় এ চিকিৎসাকেন্দ্র উদ্বোধন করেন জেলা প্রশাসক মইনউদ্দিন আহ্মদ। জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের সচিব মেজর (অব.) পঙ্কজ মল্লিকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, ব্রিটিশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য আবদুল মান্নান প্রমুখ। ফরিদপুর অফিস।