সংক্ষেপে সারা দেশ
স্পিডবোট চলা শুরু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চার দিন পর গতকাল শনিবার থেকে স্পিডবোট চলাচল পুনরায় শুরু হয়েছে। দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হলে গত সোমবার প্রশাসন স্পিডবোট চলাচল বন্ধ করে দেয়। এর দুই দিন পর প্রশাসন ও স্পিডবোট মালিক সমিতির একটি বৈঠক হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর বলেন, স্পিডবোটগুলোতে যাত্রীদের লাইফ জ্যাকেট ও হেলমেট পরার শর্তে এই অনুমতি দেওয়া হয়েছে। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।কারখানায় আগুন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মা তুলার মিলে গতকাল শনিবার দুপুরে একটি অগ্নিকাণ্ড ঘটেছে। ক্রাশিং মেশিন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এতে গোডাউনে রাখা আট লাখ টাকার সাদা সুপার (জুট) দুটি ক্রাশিং মেশিন, তিনটি ঘর পুড়ে গেছে। কিশোরগঞ্জ ও বাজিতপুর ফায়ার সার্ভিসের দুটি দল প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুই শ্রমিককে আহত অবস্থায় কটিয়াদী হাসপাতালে নেওয়া হয়েছে। মিলের মালিক দাবি করেন, তাঁর প্রায় ২২ লাখ টাকা ক্ষতি হয়েছে। কটিয়াদী থানার ওসি ফরিদ আহমেদ জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ করা হয়নি। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।কর্মশালা দক্ষিণ কেরানীগঞ্জের জাজিরা উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার ‘পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী আধুনিক প্রযুক্তির ইটভাটাবিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় পরিবেশ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. শাজাহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহামঞ্চদ নাসিরউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের প্রতিনিধি শাকিল আহমেদ ফেরদৌসী, কেরানীগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি ও কোন্ডা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ চৌধুরী, বাংলাদেশ ইটভাটা মালিক সমিতির মহাসচিব আবুবকর প্রমুখ। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি।