সংক্ষেপে সারা দেশ
মাতলামির দণ্ড হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাতলামি করার দায়ে দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন জাহান এ সাজা দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন: বিপুল ভোষন রায় (৪৮) ও কাজল চন্দ্র দাস (৪০)। কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই সাইফুল ইসলাম বলেন, গতকাল তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি। তুচ্ছ ঘটনায় মৃত্যু ফরিদপুরের নগরকান্দা উপজেলার বড় পাইকান্দি গ্রামে পেঁয়াজের খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে গ্রামের আজিজুল মাতুব্বর (৪৬) ও আহমঞ্চদ আলীর (৪৫) মধ্যে খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে আজিজুল অসুস্থ হয়ে পড়লে তাঁকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নগরকান্দা থানার এসআই আবুল কালাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ফরিদপুর অফিস।কম্বল বিতরণ কিশোরগঞ্জের কটিয়াদীর দড়ি চরিয়াকোনা প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল মঙ্গলবার দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করেছে স্থানীয় জনতা ব্যাংক শাখা। জনতা ব্যাংকের পরিচালক বাবু রমনীমোহন দেবনাথের উদ্যোগে ওই কম্বল বিতরণ করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামসুল আলম, কমিটির সদস্য ও শিক্ষকেরাও উপস্থিত ছিলেন। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।