সংক্ষেপে সারা দেশ
চারজন একই ওয়ার্ডেরবিএনপির সদ্যঘোষিত কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া চট্টগ্রামের ১৮ জন নেতার মধ্যে চারজনের গ্রামের বাড়ি রাউজান পৌরসভার ৩ নম্বর গহিরা ওয়ার্ডে। তাঁরা হলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক গিয়াসউদ্দিন কাদের (গিকা) চৌধুরী। রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিলাশ উদ্ধারফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার আনন্দবাজার থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আশোক কুমার জানান, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এলাকার চৌকিদার নুরুল ইসলাম বাদী হয়ে ওই রাতে থানায় হত্যা মামলা করেছেন। ফরিদপুর অফিসপরিত্যক্ত রিভলবারবগুড়া শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়া এলাকা থেকে গতকাল শনিবার দুপুরে দুটি পরিত্যক্ত রিভলবার উদ্ধার করা হয়েছে। সেখানে একটি খালের পাশে শিশুরা খেলা করার সময় মাটির সামান্য নিচে পলিথিনে মোড়ানো এই অস্ত্র দুটি পাওয়া যায়। পরে পুলিশ রিভলবার দুটি থানায় নিয়ে যায়। বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাকিম জানান, অস্ত্র দুটি একেবারে নষ্ট হয়ে গেছে। নিজস্ব প্রতিবেদক, বগুড়া দুজন গ্রেপ্তাররাজবাড়ীর গোয়েন্দা ও থানার পুলিশের একটি দল গতকাল শনিবার দুপুর একটার দিকে শহরের রেলগেট এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে ১৭ বোতল মদ জব্দ করেছে। এ সময় মাদক পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মাইক্রোবাসের চালক রিপন শেখ (২০) ও ব্যবসায়ী আশিক আহম্মেদ (২৬)। রাজবাড়ী সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ২৯ জানুয়ারি হবে। পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস পরে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান বলেন, এ বছর ভর্তি পরীক্ষায় ১৪ হাজার ৪৮৭টি আবেদনপত্র জমা পড়েছে। বিশ্ববিদ্যালয়ে আসনসংখ্যা ৫২৫টি। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা বেতন বাড়ানোর দাবিতেবেতন-ভাতা বাড়ানোর দাবিতে অবিভাগীয় (ইডি) ডাক কর্মচারীরা গতকাল শনিবার খুলনায় সমাবেশ ও মানববন্ধন করেছেন। নগরের শহীদ হাদিস পার্কে সমাবেশে বক্তারা বলেন, একজন অবিভাগীয় পোস্টমাস্টার ৭৫০ টাকা, বিলিকারী ৭৩৪ টাকা ও ডাক বহনকারী ৭০৪ টাকা বেতন-ভাতা পেয়ে থাকেন। এ পরিস্থিতিতে বেতন-ভাতা বাড়াতে হবে। সমাবেশ শেষে তাঁরা খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। নিজস্ব প্রতিবেদক, খুলনাআলাদা কবরস্থানের দাবিবঙ্গবন্ধুর খুনি ও একাত্তরের যুদ্ধাপরাধীদের জন্য আলাদা কবরস্থান এবং জিয়া উদ্যানে ঘৃণাস্তম্ভ স্থাপনের দাবি জানিয়েছেন সম্মিলিত ইসলামী জোটের নেতারা। গত বুধবার রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত এক গণসমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব এম হারুন-অর-রশিদ বলেন, যে জমিনে মুক্তিযোদ্ধাদের রক্ত ঝরেছে, সেখানে যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের কবর দেওয়া উচিত হবে না। বিজ্ঞপ্তি।