সংক্ষেপে সারা দেশ
যাবজ্জীবনযৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করার দায়ে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার আবুল কাশেমের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এ এস এম জহুরুল ইসলাম এই রায় দেন। ২০০৫ সালের ২৯ জুলাই তাঁর স্ত্রী বাদী হয়ে এ মামলা করেন। নাটোর প্রতিনিধিযুবক গ্রেপ্তাররাজবাড়ী পৌর এলাকা থেকে সুমন ওরফে জুয়েল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর স্বীকারোক্তি মতে অস্ত্র উদ্ধার করা হয়। তবে পরিবারের দাবি জুয়েলকে ফাঁসানো হয়েছে। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি মোফাজ্জল হোসেন জানান, একাধিক মামলার আসামি জুয়েলকে (২৮) গত রোববার দুপুরের দিকে রেলগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাত সোয়া দুইটার দিকে পৌর এলাকায় তাঁর বাড়ি থেকে একটি শাটারগান ও দুটি গুলি উদ্ধার করা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঅগ্নিকাণ্ডফরিদপুরের মধুখালী উপজেলার মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে চারটি ঘর পুড়ে গেছে। গৃহকর্তা জাফর মুন্সি জানান, গত রোববার রাত আটটার দিকে অসতর্কতাবশত কুপি থেকে আগুন লেগে দুটি বসতঘর, একটি রান্নাঘর ও একটি গোয়ালঘর পুড়ে যায়। তিনি দাবি করেন, এতে নগদ টাকা, ধান, পাট, আসবাবপত্রসহ প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। বাগাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ. রহিম ফকির জানান, এলাকাবাসী এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফরিদপুর অফিসগাইড বই জব্দগোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সদরের তিনটি বইয়ের দোকান থেকে বেশ কিছু নিষিদ্ধ গাইড বই জব্দ করা হয়েছে। গত রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবির মাহমুদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় ৪২৬টি নিষিদ্ধ গাইড বই ও এনসিটিবির তালিকায় নেই—ষষ্ঠ থেকে দশম শ্রেণীর—এমন ৩২৮টি ইংরেজি ও বাংলা ব্যাকরণ বই জব্দ করা হয়। এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ইউএনও কবির মাহমুদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন। গোপালগঞ্জ প্রতিনিধি পরীক্ষার্থী নয়, শিক্ষক...পরীক্ষাকেন্দ্রে নকল হলে পরীক্ষার্থীর আগে ওই কক্ষে দায়িত্বরত শিক্ষককেই আগে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে অনুষ্ঠিত সংশ্লিষ্ট কেন্দ্র কমিটি ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও মো. আব্দুর রহিম। কালাই (জয়পুরহাট) প্রতিনিধি