সংক্ষেপে সারা দেশ
মহাসড়ক অবরোধ
শিক্ষককে মারধর করার প্রতিবাদে গতকাল রোববার দুপুরে দুই ঘণ্টা পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে রাখে ঠাকুরগাঁও সদর উপজেলার কচুবাড়ী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ এনে গত বুধবার বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য রফিকুল ইসলাম একদল লোকজন নিয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৌরভ বর্মণকে শ্রেণীকক্ষ থেকে বের করে মারধর করেন। ঠাকুরগাঁও প্রতিনিধি।
জরিমানা
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন অংশে জাটকাবিরোধী অভিযান চালিয়ে ছয় জেলেকে ১৪ হাজার টাকা জরিমানা এবং পাঁচ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। গত শনিবার রাত আটটা থেকে পাঁচ ঘণ্টা উপজেলার তিনটি ইউনিয়নের পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান। অভিযানকালে প্রায় দুই মণ জাটকা আটক করা হয়। ফরিদপুর অফিস।
বর্ষবরণ ও বর্ষবিদায়
বাংলা নববর্ষ উপলক্ষে ময়মনসিংহ শহরের টাউন হল মঞ্চে ‘বর্ষবরণ ও বর্ষবিদায়’ শিরোনামে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। বেসরকারি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় ও ময়মনসিংহের সেবাদানকারী প্রতিষ্ঠান সেবা নিকেতনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় ও ভারতের পশ্চিমবঙ্গের শিল্পীদের পরিবেশনা থাকবে। ময়মনসিংহ অফিস।