সংক্ষেপে সারা দেশ
ধর্মঘট প্রত্যাহারবরিশাল শ্রমিক ইউনিয়ন নেতাদের অতিরিক্ত চাঁদা দাবির প্রতিবাদে বরিশাল-ঢাকা রুটের বাস মালিক সমিতির ডাকা ধর্মঘট গত বৃহস্পতিবার রাতে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে বরিশাল-ঢাকা রুটে বাস চলাচল শুরু হয়েছে। মালিক সমিতির চেয়ারম্যান আলী খবির জানান, বৃহস্পতিবার রাতে প্রশাসন ও শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে তাঁদের বৈঠক হয়। অতিরিক্ত চাঁদা দিতে হবে না বলে শ্রমিক ইউনিয়ন নেতারা আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়। বরিশাল অফিস।সংস্কারকাজ শুরুযমুনার ভাঙনে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত ২২০ মিটার এলাকার সংস্কারকাজ শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক মো. হাবিবুর রহমান। পাউবোর প্রধান প্রকৌশলী সাজেদুল করিম সাংবাদিকদের জানান, প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে এ সংস্কারকাজ আগামী ৩১ মের মধ্যে শেষ হবে। এ সময় উপস্থিত ছিলেন পাউবো কর্মকর্তা আফজাল হোসেন, আবদুল মালেক, সুজয় চাকমা প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।হীরকজয়ন্তী চট্টগ্রামের পটিয়ার ঊনায়নপুরা বিহারসংলগ্ন মাঠে বৌদ্ধধর্মীয় গুরু সংঘরাজ ধর্মসেন মহাস্থবিরের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী হীরকজয়ন্তী অনুষ্ঠান গতকাল শুক্রবার শেষ হয়েছে। এ উপলক্ষে ঊনায়নপুরা গ্রামে আয়োজিত মেলায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা থেকে বৌদ্ধ সম্প্রদায়ের হাজার হাজার পুণার্থী আসেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ছিলেন থাইল্যান্ডের উপসংঘরাজ এইচ এইচ প্যারপ্রোমেলি, প্যারাস্টামুনি ভিক্ষু, ভারতের হেমেন্দু বিকাশ চৌধুরী, হেমেন্দু বিকাশ চৌধুরী প্রমুখ। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।রূপচাঁদা ফ্যামেলি কার্নিভালখুলনা সার্কিট হাউস মাঠে দুই দিনব্যাপী রূপচাঁদা ফ্যামেলি কার্নিভাল-২০১০ গতকাল শুক্রবার শুরু হয়েছে। বাংলাদেশ এডিবল ওয়েল লিমিটেড দ্বিতীয়বারের মতো খুলনায় এ অনুষ্ঠান করছে। বিকেলে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে কার্নিভালের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইউনুসুর রহমান। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. সামসুদ্দিন, খুলনা প্রেসক্লাবের সভাপতি আহম্মেদ আলী খান, এডিবল ওয়েল লিমিটেডের বিক্রয় ও বিপণন-প্রধান মো. আসাদুজ্জামান প্রমুখ। কার্নিভালে ২১টি স্টল অংশ নিয়েছে। খুলনা প্রতিনিধি।