সংক্ষেপে সারা দেশ
জেএমবির সদস্য গ্রেপ্তারনওগাঁর আত্রাই উপজেলার ভোঁপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য শেখ ফরিদ হত্যা মামলার আসামি বাবু প্রামাণিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পুলিশের তালিকাভুক্ত জেএমবির সদস্য। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, গত মঙ্গলবার সকালে উপজেলার দেবনগর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে বাবু প্রামাণিককে গ্রেপ্তার করা হয়। নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে এদিনই তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।শীতবস্ত্র বিতরণঢাকা রামকৃষ্ণ মিশনের সেবাকাজের অংশ হিসেবে দেশের কয়েকটি জায়গায় সম্প্রতি শীতার্ত মানুষের মধ্যে কম্বল ও শাল বিতরণ করা হয়েছে। মুন্সিগঞ্জের লৌহজং ও কলমা, সাতক্ষীরার শ্যামনগর ও তালা, খুলনার কপিলমুনি ও হাতিয়ারডাঙ্গা, নীলফামারীর রামকলা, নেত্রকোনার কলমাকান্দা এবং যশোর, ফরিদপুর, ফেনী, রংপুর ও ঢাকা রামকৃষ্ণ মিশন কেন্দ্রে এক হাজার ৯৩৪ জনকে কম্বল ও ৪০২ জনকে শাল দেওয়া হয়। বিজ্ঞপ্তি।চলচ্চিত্র প্রদর্শনীবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের লেভেল-৪, সিমেস্টার-২ (শেষ বর্ষ)-এর ছাত্র মো. হুমায়ুন কবির সমাপনের চিকিত্সার সাহায্যার্থে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে এ প্রদর্শনীতে মোট আটটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। দুরারোগ্য কিডনি রোগে আক্রান্ত হয়ে সমাপন ঢাকার কিডনি ফাউন্ডেশন হাসপাতালে অধ্যাপক হারুনুর রশিদের তত্ত্বাবধানে চিকিত্সাধীন রয়েছেন। তাঁর উন্নত চিকিত্সার জন্য ১৫ লাখ টাকার প্রয়োজন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।ব্যবসায়ী গ্রেপ্তারঅবৈধভাবে বিয়ার বিক্রির অভিযোগে মাদারীপুরের শিবচর পৌরবাজারের চার ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন সহিদ চোকদার, সাদ্দাম চোকদার, বিশ্বনাথ ব্যানার্জি ও সিরাজ খান। শিবচর থানা সূত্র জানায়, মাদারীপুর র্যাব মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা লাইসেন্স ছাড়া বিয়ার বিক্রি করে আসছিলেন। তাঁদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাড়ি থেকে ৫১টি হানটারের ক্যান উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে শিবচর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। শিবচর (মাদারীপুর) প্রতিনিধি।