সংক্ষেপে সারা দেশ
পথনাট্যোত্সব ঢাকা বিভাগীয় পথনাট্যোত্সব গতকাল শুক্রবার শেষ হয়েছে। ময়মনসিংহের টাউন হলসংলগ্ন শহীদ মিনারে শেষদিনে ভেংচা ডটকম, বৌ, বর্ণচোরা ও কবর এ চারটি নাটক মঞ্চস্থ হয়। ময়মনসিংহ থিয়েটার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় তিন দিনব্যাপী এ উত্সবে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ১০টি নাট্য সংগঠন যোগ দেয়। ‘নির্মূল করো প্রতিক্রিয়া-প্রগতিরে কর নিঃশঙ্ক’ এ স্লোগানকে সামনে রেখে দেশের প্রতিটি বিভাগে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে এ উত্সব। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।বইমেলা আগামী ১৮ ফেব্রুয়ারি পঞ্চগড়ে আট দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে। পঞ্চগড় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে আয়োজিত এ মেলা পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের উদ্বোধন করার কথা রয়েছে। জেলা প্রশাসক বনমালী ভৌমিক জানান, মেলা ছাড়াও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা বর্ণমালা দিয়ে শেরেবাংলা পার্ক সাজানো, শিশু একাডেমীতে চিত্রাঙ্কন ও বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পঞ্চগড় প্রতিনিধি।যোগদানবাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সদস্য পরিচালক মো. ইসমাইল হোসেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক হিসেবে গত ২৮ জানুয়ারি যোগদান করেছেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এই কৃষিবিজ্ঞানী ১৯৫৩ সালে গাজীপুর সদর থানার পোড়াবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আন্তর্জাতিক অনেক সেমিনার ও ওয়ার্কশপে প্রবন্ধ উপস্থাপন করেছেন। বিজ্ঞপ্তি। লাশ উদ্ধারজামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের কৃষ্টপুর সেতুর নিচ থেকে পুলিশ গত বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার জানান, স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তায় ভরা লাশটি উদ্ধার করে। জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে গতকাল লাশের ময়নাতদন্ত হয়েছে। জামালপুর ও মাদারগঞ্জ প্রতিনিধি।চুরিঈশ্বরগঞ্জ পৌর সদরে গত বৃহস্পতিবার রাতে চারটি দোকানে চুরি হয়েছে। নুরুল ইসলাম স্টোরের মালিক মো. আনোয়ার জানান, গতকাল শুক্রবার সকালে তিনি দোকান খুলতে এসে দোকানের তালা ভাঙা দেখতে পান। তিনি বলেন, দুর্বৃত্তরা দোকানের জিনিসপত্র তছনছ করে ক্যাশবাক্স থেকে ২৭ হাজার টাকা নিয়ে গেছে। একই রাতে তাঁর দোকানের পাশে রায় স্টোর, লক্ষ্মী স্টোর ও খাজা মেডিকেল হলেও চুরি হয়েছে। দুর্বৃত্তরা সেসব দোকানের মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। সদর থানার ওসি মো. মিজানুর রহমান চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।মানববন্ধনরং ও সুতার দাম কমানোর দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ তাঁত শ্রমিক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখা। গতকাল শুক্রবার দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত শাহজাদপুর পৌর এলাকার মনিরামপুর বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য দেন জেলা বাসদের আহ্বায়ক নবকুমার কর্মকার, তাঁত শ্রমিক ফেডারেশনের জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রউফ প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।ডাকাত গ্রেপ্তারসিরাজগঞ্জের শাহাজাদপুর থানার পুলিশ গতকাল শুক্রবার আন্তজেলা ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন রফিকুল (২৫) ও শুকুর আলী (৩০)। শাহজাদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান জানান, গতকাল ভোরে শাহজাদপুর উপজেলার দাড়িয়াপুরে অভিযান চালিয়ে বিসিক বাসস্ট্যান্ড থেকে রফিকুল এবং পার্শ্ববর্তী উল্লাপাড়া রেলস্টেশন থেকে শুকুর আলীকে গ্রেপ্তার করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।শ্বাসরোধে হত্যানারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর সারঘাট এলাকায় এক যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। নিহত যুবকের পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, নিহত যুবকের পরনে কালো হাফ হাতা ও কমলা রঙের ফুল হাতা গেঞ্জি ছিল। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, পাঁচ-ছয় দিন আগে ওই যুবককে শ্বাসরোধে হত্যার পর লাশ খড় চাপা দিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধিঅস্ত্রসহ গুলি উদ্ধারঢাকার নবাবগঞ্জ উপজেলার হাড়ভাঙ্গা সেতুসংলগ্ন এলাকা থেকে একটি রিভলবার ও তিনটি গুলি উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। র্যাব-১১ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে হাড়ভাঙ্গা সেতু এলাকায় র্যাব অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় রিভলবার ও তিনটি গুলি উদ্ধার করে। পরে তা নবাবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি