সংক্ষেপে সারা দেশ
শিক্ষা কার্যক্রম শুরুআগামী ৯ মার্চ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০০৯-১০ শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হবে। এ উপলক্ষে ৮ মার্চ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে নতুন শিক্ষার্থীদের ‘নবীনবরণ’ অনুষ্ঠিত হবে। আবাসিক হলের আসন বিন্যাসের তালিকা ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.cuet.ac.bd) দেওয়া হবে। এ ছাড়া নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ২৩টি আসন খালি থাকায় অপেক্ষমাণ তালিকা থেকে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি এবং ২ ও ৪ মার্চ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। চুয়েট প্রতিনিধি।প্রকল্প পরিদর্শনগাজীপুরের হোতাপাড়ায় এনার্জিপ্যাক এগ্রো লিমিটেডের গবেষণা ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন এশিয়ান ভেজিটেবল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের (এভিআরডিসি) দক্ষিণ এশিয়ার পরিচালক এম এল চাধা। সম্প্রতি ওই প্রকল্প পরিদর্শনের সময় জ্যেষ্ঠ প্রোগ্রাম স্পেশালিস্ট এইচ ফনসেকা, এম নুরুল আলম এবং সার্ক এগ্রিকালচার সেন্টারের (এসএসি) জ্যেষ্ঠ প্রোগ্রাম অফিসার নাসরিন আকতার তাঁর সঙ্গে ছিলেন। এম এল চাধা দেশের সবজি উত্পাদনকে আরও গতিশীল করতে ভালো বীজ উত্পাদনের ওপর গুরুত্ব আরোপ করেন। বিজ্ঞপ্তি।দায়িত্বে অবহেলার শাস্তিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার গণিত পরীক্ষা চলাকালে ওই শিক্ষক উপজেলা সদর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। ওই শিক্ষক হলেন উপজেলা সদরের আলিয়া মাদ্রাসার মো. কামারুজ্জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ খান জানান, পরীক্ষার হলে দায়িত্বে অবহেলার কারণে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। কামারুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।মোটরসাইকেল চুরিমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৌমুহনাসংলগ্ন বড়গাছ গ্রামে একটি বাড়িতে গত রোববার রাতে দুটি মোটরসাইকেল চুরি হয়েছে। জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আনোয়ার পারভেজের বাড়ির বারান্দার গ্রিল ভেঙে এই চুরি হয়েছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।সৃজনশীল শিক্ষাসৃজনশীল পদ্ধতি এ দেশের শিক্ষাব্যবস্থায় মাইলফলক হিসেবে কাজ করবে। এ পদ্ধতি যথেষ্ট সম্ভাবনাময় হওয়া সত্ত্বেও এ পদ্ধতি সম্পর্কে শিক্ষক, ছাত্র এবং অভিভাবকদের পর্যাপ্ত জ্ঞানের অভাব রয়েছে। আর এ জন্য সবার কাছে সৃজনশীল পদ্ধতির বিভিন্ন দিক তুলে ধরতে গণমাধ্যমের সহায়তা নিতে হবে। ‘শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও সৃজনশীল পদ্ধতি’ শীর্ষক এক সেমিনারে সম্প্রতি বক্তারা এ কথা বলেন। কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ম্যাবস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। বিজ্ঞপ্তি