সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরিমানা

বরিশালে বিদ্যুৎ চুরির দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার ওই আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম মো. আল মোকতাদির। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকালে বরিশাল নগরের আমানতগঞ্জ দরগাহ্বাড়ি এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় বিদ্যুৎ চুরির দায়ে দরগাহ্বাড়ি এলাকার মো. হানিফ নামের এক বাড়িওয়ালাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা এবং মো. সেলিম সোহেল নামে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। l বরিশাল অফিস।

আটক

জামালপুরের মাদারগঞ্জে চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় সুজন (২৬) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। তিনি বগুড়ার ধুনট উপজেলার কৈয়াগাড়ি গ্রামের এফাজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কয়ড়া বাজার থেকে চার ছিনতাইকারী যাত্রীবেশে দুটি মোটরসাইকেল ভাড়া নেয়। সরিষাবাড়ী-মাদারগঞ্জ সড়কের ডাকাতিয়া এলাকায় যাত্রীবেশে ওই ছিনতাইকারীরা ধারালো অস্ত্র ঠেকিয়ে একটি মোটরসাইকেল ছিনতাই করে। কিন্তু চালকের মোবাইলে খবর পেয়ে এলাকাবাসী রাস্তায় ব্যারিকেড দিয়ে এক ছিনতাইকারীকে ধরে ফেলে।  l মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

ফোতেহা শরিফ

হজরত শাহ্ সুফি খাজাবাবা ফরিদপুরীর দুই দিনব্যপী ফাতেহা শরিফ গতকাল বুধবার ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হয়েছে। গতকাল মাগরিব থেকেই অনুষ্ঠান শুরু হয়। রাতভর এবাদত-বন্দেগি করা হবে। আজ বৃহস্পতিবার পয়লা মে ভোরে রওজা শরিফ জিয়ারত ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। l ফরিদপুর অফিস।