সংক্ষেপে সারা দেশ
গুলিবিনিময়চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে গত মঙ্গলবার রাতে বিডিআর ও বিএসএফের মধ্যে গুলিবিনিময় হয়েছে। ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন অফিসার নজরুল ইসলাম জানান, রাত তিনটার দিকে ভারতের মুর্শিদাবাদ জেলার বৈষ্ণবপুর থানার সবদেরপুর বিএসএফ ক্যাম্পের জওয়ানেরা বিনা উসকানিতে বিডিআরকে লক্ষ্য করে চার-পাঁচটি গুলি ছোড়ে। জবাবে বিডিআরও ৮-১০টি গুলি ছোড়ে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ প্রতিনিধিপতাকা বৈঠকসাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিডিআর ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। গতকাল বুধবার রুদ্রপুর সীমান্তের ১৭ নম্বর পিলারের তিন নম্বর সাব পিলারের পাশে জিরো পয়েন্টে এ বৈঠক হয়। বিডিআর সূত্রে জানা যায়, বৈঠকে নারী ও শিশু পাচার, মাদকদ্রব্য পাচার, চোরাচালান এবং অকারণে গুলি করে বাংলাদেশিদের হত্যাসহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের চান্দুড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মুজিবুর রহমান এবং ভারতের পক্ষে বিএসএফের তেঁতুলবাড়িয়া ক্যাম্পের ইন্সপেক্টর ভরত সিং। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা