সংক্ষেপে সারা দেশ
বিএসএফের নির্যাতনেভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে রিপন হোসেন (১৮) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রিপনের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার দিয়াড়া-খোর্দ্দ গ্রামে। গ্রামবাসী জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে জেলার কেড়াগাছি সীমান্ত এলাকা থেকে আহত রিপনকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। গ্রামবাসীর অভিযোগ, গত বুধবার রাতে ভারত থেকে গরু নিয়ে আসার সময় বিএসএফের সদস্যরা রিপনকে আটক করেন। বিএসএফের নির্যাতনেই রিপন মারা গেছেন। তাঁর লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, নিহত রিপনের শরীরের একাধিক স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।হেরোইনসহ আটকযশোরের বেনাপোলে গত বুধবার রাতে আধা কেজি হেরোইনসহ মোহাম্মদ বাবু নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। র্যাব-৬-এর পরিচালক মেজর তারিক আজিজ জানান, র্যাবের একটি দল বেনাপোলের বড় আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে হেরোইনসহ ওই ব্যক্তিকে আটক করে। আটক হোরোইনের দাম আনুমানিক ৪৪ লাখ টাকা। আটক ব্যক্তিকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা হয়েছে। যশোর অফিস।সেগুনকাঠ উদ্ধাররাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় গত বুধবার সন্ধ্যায় কয়েকটি আসবাবের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুনকাঠ ও আসবাব আটক করেছেন র্যাব ও বন বিভাগের কর্মীরা। নাম প্রকাশ না করার শর্তে বন বিভাগের একজন কর্মকর্তা জানান, চন্দ্রঘোনা শিল্প এলাকার ১৫টি আসবাবের দোকান থেকে এসব অবৈধ কাঠ ও আসবাব আটক করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা মালামাল বন বিভাগের জিম্মায় রাখা হয়েছে। কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।রাইফেল ও গুলি উদ্ধার নীলফামারীর সৈয়দপুর শহর থেকে গতকাল বৃহস্পতিবার একটি থ্রি নট থ্রি রাইফেল ও ৫২টি গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, শহরের কয়া গোলাহাট মহল্লায় একটি বাড়ির ভিত্তি স্থাপনের কাজ করার সময় ওই রাইফেল ও গুলি পাওয়া যায়। পরে বাড়ির মালিক পুলিশে খবর দেন। অস্ত্র ও গুলি উদ্ধার করার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ব্যাপারে তদন্ত করা হবে। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।