সংক্ষেপে সারা দেশ
মিলনমেলা ২৬ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান সমিতির ‘আনন্দ উত্সব-২০১০’ আগামী ২৬ মার্চ নগরের ‘কিং অব চিটাগাং’ নামে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে সমিতির আজীবন সদস্যদের আগামী ১৫ মার্চের মধ্যে নাম নিবন্ধনের অনুরোধ করা হয়েছে। আগ্রহী সদস্যদের চট্টগ্রামে মো. জাকির হোসেন ভুঁইয়া (০১৯১১-৮৮২৫৫৩), ঢাকায় মু. মোহসিন চৌধুরী (০১৭১৫-৮৩০৪৮৪) এবং কক্সবাজারে তপন কান্তি দাশের (০১৮১৮-৫৩১৬২৪) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। আগামী ১৫ মার্চ বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে হিসাববিজ্ঞান সমিতির বার্ষিক সাধারণ সভা হবে। এতে সমিতির সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।গৃহকর্মীর লাশ উদ্ধারমৌলভীবাজারের বড়লেখা উপজেলার গঙ্গারজল এলাকা থেকে গতকাল বুধবার লিপি বেগম (৩৫) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, লিপির বাড়ি বাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। স্বামী তাঁকে ত্যাগ করেছেন। তিন-চার বছর ধরে তিনি গঙ্গারজল এলাকায় একটি কক্ষ ভাড়া করে থাকতেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গৃহকর্মী হিসেবে কাজ করতেন লিপি। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসীর ধারণা, তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি।জাল নোটসহ আটকসাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রাম থেকে গতকাল বুধবার দুপুরে জাল নোটসহ নূরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) জওয়ানেরা। তাঁর বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার হরিণাবাকসা গ্রামে। সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বিশেষ বিডিআর ফাঁড়ির নায়েব সুবেদার মো. কদরউদ্দিন বলেন, নূরুলকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তাঁর কাছে ২০ হাজার টাকা পাওয়া যায়। তার মধ্যে ২২টি জাল ৫০০ টাকার নোট ছিল। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাকিশোরী মেলাসিরাজগঞ্জে গতকাল বুধবার প্রথমবারের মতো দিনব্যাপী কিশোরী মেলা অনুষ্ঠিত হয়েছে। কিশোরীদের মানসিক বিকাশ ও তাদের জীবনমান উন্নয়নে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই মেলা হয়। ব্র্যাকের উদ্যোগে হৈমবালা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত মেলা উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিশ্চিন্ত কুমার পোদ্দার। উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।কৃতী শিক্ষার্থী সংবর্ধনাঢাকায় চান্দপুর তমিজউদ্দিন উচ্চবিদ্যালয়ের সাবেক ছাত্রসংঘের কৃতী শিক্ষার্থীদের আগামীকাল শুক্রবার সংবর্ধনা দেওয়া হবে। সকাল ১০টায় বেইলি রোডের অফিসার্স ক্লাবে হবে এই অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করবেন ছাত্রসংঘের সভাপতি ও সরকারের অতিরিক্ত সচিব খোর্শেদা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লুত্ফুল হাই। অতিথি থাকবেন সাংসদ জিয়াউল হক মৃধা, সাংসদ ঝিকরুল হক, সাংসদ যোবেদা পারুল ও সংঘের পৃষ্ঠপোষক সাবেক প্রধান শিক্ষক হুমায়ুন কবির ভুঁইয়া। বিজ্ঞপ্তি।আসামি গ্রেপ্তারকিশোরগঞ্জ সদর উপজেলায় ডাকাতি মামলার আসামি মো. ছিদ্দিককে (৪৫) গতকাল বুধবার ভোরে চারুয়াকান্দি বড়খালের পাড় এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, ডলার প্রতারণা চক্রের অন্যতম হোতা ছিদ্দিকের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।