সংক্ষেপে সারা দেশ
গণস্বাক্ষরযুদ্ধাপরাধের বিচারের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গত শুক্রবার গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে চুয়েট ডিবেটিং সোসাইটি আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। শিক্ষার্থীরা জানান, জাতির কলঙ্ক মোচনে যুদ্ধাপরাধীদের বিচার এখন সময়ের দাবি। গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি ছাড়াও বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চনাটক যুদ্ধের চিঠি: দ্বিতীয় পর্ব আয়োজন করা হয়। চুয়েটের সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হুমায়ূন আহমেদের উপন্যাস ১৯৭১ অবলম্বনে একটি নাটক মঞ্চস্থ করে। চুয়েট প্রতিনিধি।ছুরিকাঘাতে নিহতচট্টগ্রামের রাউজান উপজেলায় ছুরিকাঘাতে রাশেদুল আলম ওরফে খোকন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার গরিবুল্লাহপাড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত একটি অটোরিকশা থেকে গত শুক্রবার রাত আটটার দিকে ছুরিকাহত খোকনকে কাপ্তাই সড়কের ব্রাহ্মণহাট এলাকায় নামিয়ে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভোররাতে মারা যান তিনি। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিখিল চন্দ্র মণ্ডল জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি। রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি।আবার শুরুপটুয়াখালীর কলাপাড়া উপজেলার সঙ্গে আবার রাজধানী ঢাকার দোতলা লঞ্চের যোগাযোগ শুরু হয়েছে। প্রায় সাত মাস বন্ধ থাকার পর কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির উদ্যোগে গতকাল শনিবার থেকে এ পথে লঞ্চ চলাচল শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল নয়টায় একটি দোতলা লঞ্চ কলাপাড়া থেকে ঢাকার উদ্দেশে এবং সন্ধ্যা ছয়টায় একটি লঞ্চ ঢাকা থেকে কলাপাড়ার উদ্দেশে ছেড়ে যাবে । কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।