সংক্ষেপে সারা দেশ
প্রতিপক্ষের হামলায়রাজশাহীর পুঠিয়ার রাতুয়াল গ্রামে জমিতে সেচ দেওয়া নিয়ে গত শনিবার রাতে প্রতিপক্ষের হামলায় জেকের নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তার বলেন, এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, যৌথ মালিকানাধীন পুকুর থেকে সেচ দেওয়া নিয়ে মিজান ও ওসমানের সঙ্গে জেকেরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিজান, ওসমান ও তাঁদের পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে জেকেরের ওপর হামলা চালায়। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।আট দফা দাবিমজুরি কমিশন ঘোষণা ও আখের দাম বৃদ্ধিসহ আট দফা দাবিতে গতকাল রোববার পাবনা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনা সুগার মিলস ওয়ার্কার্স ইউনিয়ন। গতকাল সকালে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরে আসেন। শহর প্রদক্ষিণ শেষে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন। পরে আট দফা দাবিতে শ্রমিকদের পক্ষ থেকে জেলা প্রশাসক ড. এ এফ এম মঞ্জুর কাদিরের হাতে স্মারকলিপি তুলে দেন ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. আরিফুর রহমান ও সম্পাদক মো. আশরাফুজ্জামান। পাবনা অফিস। বৈসাবি উপলক্ষেপার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বৈসাবি পালনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সভাপতি প্রসিত খীসা। গতকাল রোববার এক বিবৃতিতে তিনি বলেন, যেকোনো আনন্দ-উৎসবের জন্য দরকার সুস্থ, স্বাভাবিক ও ভয়-ভীতিমুক্ত পরিবেশ। কিন্তু সাজেক ও খাগড়াছড়িতে পরিকল্পিত সাম্প্রদায়িক হামলার পর জনগণের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। হামলার শিকার লোকজন এখনো নিজ এলাকায় ফিরতে পারেননি। খাগড়াছড়ি প্রতিনিধি। ক্লাস শুরুকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথমবর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হবে আজ সোমবার। এ শিক্ষাবর্ষে ১১টি বিভাগে ৫৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। আজ সকাল নয়টায় পরিচিতিমূলক ক্লাসের মধ্য দিয়ে তাঁদের ক্লাস শুরু হবে। এবার দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অনেক পর এ বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হচ্ছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।