সংক্ষেপে সারা দেশ
সম্মাননা প্রদানকুমিল্লার সদর উপজেলার ৩৫০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় শহরের কান্দিরপাড়ের বীরচন্দ্রনগর মিলনায়তনে এক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট প্রদানসহ উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। জেলা প্রশাসক আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। কুমিল্লা টাউন হল কর্তৃপক্ষ, কুমিল্লা ক্লাব ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।বিজ্ঞান মেলা শুরুচাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল জে এন উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার থেকে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউল ইসলাম সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন। মেলায় জে এন উচ্চবিদ্যালয় ছাড়াও রামপুর উচ্চবিদ্যালয়, চন্দ্রবান বালিকা উচ্চবিদ্যালয়, বাকিলা উচ্চবিদ্যালয় ও সুয়াপাড়া জি কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পদার্থ, রাসায়ন ও জীববিজ্ঞানের ওপর ৪৬টি প্রদর্শনীর আয়োজন করে। ব্র্যাকের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। চাঁদপুর প্রতিনিধি।দুজন গ্রেপ্তারবরিশালের গৌরনদী থানার একটি বাজার থেকে গতকাল শনিবার দুপুরে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন সজল হাওলাদার ও মো. আমীর হোসেন হাওলাদার। র্যাব-৮ সূত্রের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা একটি মামলার পলাতক আসামি। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বরিশাল অফিস।রিভলবার উদ্ধারকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বৈদ্দেরখিল গ্রামের একটি কবর থেকে গত শুক্রবার রাতে পরিত্যক্ত অবস্থায় একটি অত্যাধুনিক রিভলবার ও ৩৬টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। উপজেলার আটগ্রাম সীমান্তফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার আবদুল আজিজ জানান, বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) একটি দল জার্মানির তৈরি রিভলবার ও ককটেলগুলো উদ্ধার করে। পরে এগুলো চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।সড়ক দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রকৌশলী মো. গিয়াসউদ্দীন (৪১)। গত মঙ্গলবার রাতে ডেমরার কর্মস্থল থেকে বাসে করে তিনি ঢাকার বাসায় ফিরছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দরিয়াকান্দির লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডের কাছে সড়ক দুর্ঘটনায় তিনি মুখে ও মাথায় আঘাত পান। সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিজস্ব প্রতিবেদক