সংক্ষেপে সারা দেশ
ইয়াবাসহ গ্রেপ্তার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার জুবিলি রোড থেকে গতকাল বৃহস্পতিবার ৪০০ ইয়াবা বড়িসহ মিয়ানমারের দুই যুবককে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন মো. ইসমাইল (২১) ও মো. সেলিম (১৮)। অধিদপ্তরের পরিদর্শক তপনকান্তি শর্মা বলেন, দুপুরে শাহ আমানত মার্কেটের জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ইয়াবাসহ এই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁরা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম এসেছেন। এ ঘটনায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামচাল আটকচাঁদপুরের কচুয়া উপজেলার বাতাপুকুরিয়া থেকে গতকাল বৃহস্পতিবার ২০০ বস্তা চালসহ একটি ট্রাক আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় ট্রাকচালক মো. সাইফুল ইসলাম ও চালকের সহকারী মেহেদী হাসানকেও আটক করা হয়েছে। তাঁদের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার হরিপুর গ্রামে। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, সরকারি গুদামের এসব চাল কুমিল্লায় নিয়ে যাওয়া হচ্ছিল। চাঁদপুর প্রতিনিধি পরীক্ষার্থী বহিষ্কারফরিদপুরে কারিগরি বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষায় নকল করার অপরাধে অফিস ব্যবস্থাপনা বিভাগের দুজন পরীক্ষার্থীকে গতকাল বৃহস্পতিবার বহিষ্কার করা হয়েছে। তারা হলো সদরপুর মহিলা কলেজের তামান্না আফ্রিন ও মধুখালী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ডিগ্রি কলেজের মো. জাহিদুল ইসলাম। ফরিদপুর অফিসবর্ধিত সভাবরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার। শহরের বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে আয়োজিত এ সভায় জেলা কমিটির সব সদস্য, জেলার সাতটি সাংগঠনিক উপজেলা কমিটির সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং সহযোগী সংগঠনগুলোর জেলা কমিটির সভাপতি ও সম্পাদকেরা অংশ নেবেন। বর্ধিত সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। নিজস্ব প্রতিবেদক, বরগুনা অভিযানসিরাজগঞ্জে কয়েকটি রেস্তোরাঁয় গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার সলঙ্গা বাজার ও হাটিকুমরুল এলাকায় মহাসড়কের পাশের রেস্তোরাঁগুলোয় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল আহসান ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর রামচন্দ্র সাহা। অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও বাসি খাবার বিক্রির অপরাধে কয়েকটি রেস্তোরাঁ থেকে ২৯ হাজার ৫৭০ টাকা জরিমানা আদায় করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ