সংক্ষেপে সারা দেশ
আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিলসহটাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, সাতটি গুলি ও এক হাজার ২০০ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক আটক করেছে র্যাব-১২র সদস্যরা। র্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ মাহফুজুল হক জানান, শুক্রবার রাতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের গোল চত্বর এলাকার তল্লাশি চৌকিতে উত্তরাঞ্চল থেকে আসা একটি ট্রাককে থামার সংকেত দিলে চালক সংকেত উপেক্ষা করে দ্রুত বেগে এগিয়ে যায়। র্যাব সদস্যরা ট্রাকের পিছু ধাওয়া করলে ট্রাকটি রেখে চালকসহ অন্য ব্যক্তিরা পালিয়ে যায়। পরে ট্রাক থেকে এ অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার করা হয়। টাঙ্গাইল অফিসক্যামেরাম্যান আহতঝিনাইদহ শহরের বেপারিপাড়ায় জেলা পরিষদ মার্কেটের পেছনে বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন ক্যামেরাম্যান জাহাঙ্গীর কবীর। তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ক্যামেরাম্যান হিসেবে কাজ করেন। জাহাঙ্গীর বলেন, কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী তাঁকে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় সন্ত্রাসীরা তাঁর কাছ থেকে একটি ডিজিটাল ক্যামেরা, মুঠোফোনের একটি সেট, হাতঘড়ি ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয়। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহসার বিতরণ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গতকাল শনিবার কৃষকদের মধ্যে বিনামূল্যে সার বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা পরিষদ মিলনায়তনে সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাংসদ এ বি এম আবুল কাশেম। প্রথম দিনে পৌর সদরের ৩০০ প্রান্তিক চাষির প্রত্যেককে ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি টিএসপি ও ১০ কেজি পটাশ সার দেওয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা তারিক মাহমুদুল ইসলাম জানান, পর্যায়ক্রমে দুই হাজার ৬০০ কৃষককে একই পরিমাণে সার দেওয়া হবে। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি