সংক্ষেপে সারা দেশ
ফেনসিডিল আটকবাংলাদেশ রাইফেলস (বিডিআর) গত রোববার ফেনসিডিলসহ একটি ব্যক্তিগত গাড়ি আটক করেছে। বিডিআর সূত্র জানায়, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া সীমান্ত থেকে ৮০০ অনুমোদনহীন বড়ি, দিনাজপুরের হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া ও বাসুদেবপুর সীমান্ত থেকে ১৩৪ বোতল ফেনসিডিল, ১৯ হাজার ৯৫০টি অনুমোদনহীন ইনজেকশন, একটি মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি আটক করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক মূল্য ৫৬ লাখ টাকা। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিকৃষক নিহতমাগুরা সদর উপজেলার বুধোরপাড়া গ্রামে গত রোববার প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। পুলিশ জানায়, ওই দিন বিকেলে ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় এবাদত মোল্লার সঙ্গে পাশের জমির মালিক তাইজুদ্দিন মোল্লার বিরোধ দেখা দেয়। এর জের ধরে রাতে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ছয়জন আহত হন। আহত এবাদত মোল্লা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। মাগুরা প্রতিনিধিসাংবাদিক আহতযশোরের কেশবপুর উপজেলায় সন্ত্রাসীদের হামলায় এক সাংবাদিক আহত হয়েছেন। পুলিশ জানায়, গত রোববার রাত আটটার দিকে শহরের কৃষি ব্যাংক এলাকায় একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার সময় ইনকিলাব-এর স্থানীয় প্রতিনিধি রুহুল কুদ্দুস ওই দৃশ্য ধারণ করতে যান। এ সময় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে আঘাত করলে তিনি আহত হন। তাঁকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। থানার সহকারী উপপরিদর্শক ইকবাল হোসেন বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। কেশবপুর (যশোর) প্রতিনিধি বিচারের দাবিতেঝিনাইদহে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গতকাল সোমবার শতাধিক মুক্তিযোদ্ধা মিছিল করেছেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নবনির্বাচিত জেলা কমান্ডার মকবুল হোসেনের নেতৃত্বে এই মিছিল হয়। সকালে জেলা ইউনিট কমান্ড কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্থানীয় চুয়াডাঙ্গা বাসস্টান্ড-সংলগ্ন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ