সংক্ষেপে সারা দেশ
দুই জেলেকে হস্তান্তরআটক দুই জেলেকে গতকাল বুধবার বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে মিয়ানমার। মিয়ানমারের মংডু এলাকায় সকালে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও মিয়ানমারের সীমান্তরক্ষী (নাসাকা) বাহিনীর কর্মকর্তাদের বৈঠকের পর দুই জেলেকে হস্তান্তর করা হয়। তাঁরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার ওযাব্রাং গ্রামের মোবারক হোসেন (২৫) ও একই এলাকার সায়েদ উল্লাহ (২০)। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, দুই জেলেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জুনের প্রথম সপ্তাহে নাফ নদীতে মাছ ধরার সময় তাঁদের আটক করে নাসাকা। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি। উদ্ধারসিরাজগঞ্জের সদর উপজেলার সদানন্দপুর রেলস্টেশনে গতকাল বুধবার ভোরে একটি ট্রেনে তল্লাশি চালিয়ে ৪৮২টি ভারতীয় শাড়ি ও থ্রিপিস উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এদিকে সকাল নয়টার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর একটি প্রাইভেট কার আটক করে সেনাবাহিনীর একটি দল। প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৭৮০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। চালক আবদুল বারেককে আটক করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ বাজেট ঘোষণাশেরপুরের নালিতাবাড়ী পৌরসভার প্রস্তাবিত বাজেট গতকাল বুধবার ঘোষণা করা হয়েছে। দুপুরে পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে পৌরসভার মেয়র মো. আবদুল হালিম ২০১০-১১ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। এতে আট কোটি ৭২ লাখ ৩৮ হাজার ৬৬৮ টাকা আয়, আট কোটি ৬৮ লাখ ৪০ হাজার ৮০০ টাকা ব্যয় এবং তিন লাখ ৯৭ হাজার ৮৮৬ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে। নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিইভ টিজিং প্রতিরোধেইভ টিজিং প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সিগঞ্জে সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে গতকাল বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীসংলগ্ন সড়কে এই কর্মসূচি সকাল সাড়ে নয়টায় শুরু হয়ে ১০টায় শেষ হয়। এতে উপস্থিত ছিলেন সনাকের আহ্বায়ক খালেদা খানম, যুগ্ম আহ্বায়ক তানভীর হাসান, স্বজন সদস্য আলী আকবর প্রমুখ। মুন্সিগঞ্জ প্রতিনিধিকাঠ আটকসুনামগঞ্জের সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে গতকাল বুধবার সকালে বিপুল পরিমাণ চোরাই কাঠ আটক করেছেন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যরা। বিডিআর-৮-এর কর্মকর্তা মেজর সাইফুল ওয়াদুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। আটক কাঠের মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। সুনামগঞ্জ প্রতিনিধিকম্পিউটার চুরিকিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স থেকে গত মঙ্গলবার রাতে একটি কম্পিউটার চুরি হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ উদ্দিন ভূঞা জানান, কমপ্লেক্সের দোতলায় সচিবের কক্ষের দরজার তালা ভেঙে কম্পিউটারটি চুরি করা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কমপ্লেক্সের পাহারাদার সুনীল রবিদাসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি শোভাযাত্রামৌলভীবাজারে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে গতকাল বুধবার সকালে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসক, প্রশাসনিক কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতের পুরস্কার তুলে দেন তিনি। মৌলভীবাজার প্রতিনিধি