সংক্ষেপে সারা দেশ
৩৫টি গোখরাগোপালগঞ্জের সদর উপজেলার পুখরিয়া মধ্যপাড়া গ্রামের একটি বাড়িতে ৩৫টি গোখরা সাপ মেরে ফেলা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে প্রয়াত মুক্তিযোদ্ধা ফিরোজ আহম্মেদ খানের বাড়ির তিনটি কবুতর মেরে ফেলে একটি গোখরা। একপর্যায়ে গোখরাটি গর্তে ঢুকে পড়ে। পরে এলাকাবাসী ওই গর্ত থেকে ছোট-বড় ৩৫টি সাপ বের করে পিটিয়ে ও পুড়িয়ে মারে। গোপালগঞ্জ প্রতিনিধি।গ্রেপ্তার ৩সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের দায়ের করা মামলার আসামি বরিশালে জামায়াতের এক থানা আমীরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন, এ বি এম সুলতানুল আরেফিন, জাহাঙ্গীর তালুকদার ও আমিরুল ইসলাম। বৃহস্পতিবার গভীর রাতে নিজ নিজ বাসভবন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার প্রথম আলোকে জানিয়েছেন, আজ শনিবার তাঁদের আদালতে হাজির করা হবে। বরিশাল অফিস।শিক্ষাবৃত্তি প্রদানভৈরবে কলেজপড়ুয়া গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। স্থানীয় আতিকুল্লাহ সওদাগর, কর্পোন্নেছা, সাদেক ও বিপ্লব স্মৃতি পরিষদ যৌথভাবে এই বৃত্তি প্রদান করে। গতকাল শুক্রবার সকালে স্থানীয় জিল্লুর রহমান কলেজ মিলনায়তনে চেম্বার অব কমার্সের সভাপতি সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়। এই শিক্ষাবৃত্তির মাধ্যমে ২২ জন মেধাবী কলেজপড়ুয়া ছাত্রী দুই বছরের জন্য যাবতীয় শিক্ষাসংক্রান্ত খরচ যোগানের সহায়তা পাবে। নিজস্ব প্রতিবেদক, ভৈরব।অপহূত শিশু উদ্ধারগোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ডোমরাকান্দি গ্রামের সিহাব (৬) নামের এক অপহূত শিশুকে উদ্ধার করে গতকাল শুক্রবার তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানিয়েছেন, ২৯ জুন সিহাবদের বাড়িতে আশ্রয় নিয়ে আকবর আলী সরকার নামের এক ব্যক্তি তাকে অপহরণ করেন। আকবরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার মির্জাপুর উপজেলার আড়িয়ালখাঁ গ্রামে। পরে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন আকবর। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১০) একদল সদস্য বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে আকবরকে আটক করে। তাঁর তথ্যের ভিত্তিতে সিহাবকে উদ্ধার করা হয়। গোপালগঞ্জ প্রতিনিধি।