সংক্ষেপে সারা দেশ
নতুন সংগঠনপরিবেশবান্ধব ও সাশ্রয়ী ইলেকট্রিক ট্রাইসাইকেল আমদানিকারক ব্যবসায়ীরা ‘বাংলাদেশ ইলেকট্রিক ভেহিক্যাল ইমপোর্টারস অ্যাসোসিয়েশন’ (বিইভিআইএ) নামে নতুন সংগঠন গঠন করেছেন। এ লক্ষ্যে ব্যবসায়ীরা ৯ জুলাই বিকেলে রাজধানীর বেইলি রোডের এক রেস্টুরেন্টে সভা করেন। সভায় মো. শাহজাহান মৃধাকে আহ্বায়ক এবং মো. আমিরুল হোসাইন, আবদুল জলিল ভূঁইয়া ও মো. মইনুল আলমকে যুগ্ম আহ্বায়ক করে সংগঠনের একটি অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।জেএমবির সদস্য গ্রেপ্তারনওগাঁর আত্রাই উপজেলার শিমুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে রোববার দুপুরে গোলাম সরদার নামের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একটি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার পলাতক আসামি। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তি পুলিশের তালিকাভুক্ত জেএমবির ৬০ নম্বর সদস্য। আত্রাই (নওগাঁ) প্রতিনিধিসুপারিশখুলনা মহানগর এলাকায় বসবাসের অনুপযোগী ঝুঁকিপূর্ণ বাড়ি চিহ্নিতকরণের লক্ষ্যে গঠিত কমিটির সভা গতকাল রোববার দুপুরে নগরভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এই সভায় ২৫টি ঝুঁকিপূর্ণ বাড়ি সম্পূর্ণ এবং সাতটি ঝুঁকিপূর্ণ বাড়ি আংশিক ভেঙে ফেলার সুপারিশ করা হয়। এতে অন্যদের মধ্যে কেসিসির প্যানেল মেয়র-১ আজমল আহমেদ, কাউন্সিলর মো. আলী আকবর, নাগরিক ফোরাম-খুলনার চেয়ারপারসন মুক্তিযোদ্ধা শেখ আবদুল কাইয়ুম উপস্থিত ছিলেন। খুলনা অফিসমাছ নিধনকুমিল্লার দাউদকান্দি উপজেলার কালাসোনা গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগে বিপুলসংখ্যক মাছ নিধন করেছে একদল দুর্বৃত্ত। শনিবার রাতে এ ঘটনা ঘটে। পুকুরের মালিক মো. শাহজালাল গতকাল রোববার প্রথম আলোকে বলেন, এতে তাঁর অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় পুলিশ। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিরথযাত্রার অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে কাল মঙ্গলবার থেকে চট্টগ্রামে শোভাযাত্রা, সেমিনারসহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের উদ্যোগে (ইসকন) ২১ জুলাই পর্যন্ত নয় দিন নগরের বিভিন্ন স্থানে এ অনুষ্ঠান চলবে। এ উপলক্ষে গতকাল রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন ইসকন চট্টগ্রামের সভাপতি গৌরদাস ব্রহ্মচারী। কাল মঙ্গলারতির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম চারা বিতরণকমলগঞ্জে দিশারী আবাসন প্রকল্পে বন বিভাগের উদ্যোগে বিনা মূল্যে ১৫০০ ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে চারটায় আবাসন প্রকল্পের ১৬০টি পরিবারের সদস্যদের মধ্যে আনুষ্ঠানিকভাবে এসব চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী বন সংরক্ষক মিজানুর রহমান। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিবৃক্ষমেলা রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ চত্বরে পাঁচ দিনব্যাপী কৃষিপ্রযুক্তি ও ফলদ বৃক্ষমেলা গত শুক্রবার থেকে শুরু হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর ও উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের যৌথ আয়োজনে মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ টিপু মুনশি। এ উপলক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুবার রহমানের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে ইউএনও শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ সরকার প্রমুখ বক্তব্য দেন। মেলায় ২৮টি স্টলে কৃষিপ্রযুক্তি ও ফলদ বৃক্ষ প্রদর্শিত হচ্ছে। পীরগাছা (রংপুর) প্রতিনিধিলাশ উদ্ধার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা থেকে গতকাল রোববার অজ্ঞাত এক যুবকের (৩৩) জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করেছে পুলিশ। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, এলাকাবাসী গতকাল সকালে জামপুর ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামের একটি কবরস্থানের পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল হক একটি হত্যা মামলা করেছেন। ধারণা করা হচ্ছে, শনিবার রাতে সন্ত্রাসীরা ওই যুবককে জবাই করে ফেলে রেখে যায়। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি