সংক্ষেপে সারা দেশ
ডেইরি প্রযুক্তি মেলাবগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ীতে গতকাল শুক্রবার প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় কেয়ার বাংলাদেশের উদ্যোগে তিন দিনব্যাপী ডেইরি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান মেলার উদ্বোধন করেন। কেয়ার বাংলাদেশের ডেইরি ভ্যালু চেইন প্রকল্পের সমন্বয়ক নুরুল আমিন সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুন্নবী ও উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে এম জাকারিয়া। মেলায় ৩৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। নিজস্ব প্রতিবেদক, বগুড়া লাশ উদ্ধারচুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিলাভালকী গ্রামে গতকাল শুক্রবার সকালে বেল্টু রহমান (৩২) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। চিলাভালকী গ্রামের ভাটই নদীর তীর থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, বেল্টুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এ খুনের ঘটনা ঘটতে পারে। চুয়াডাঙ্গা প্রতিনিধি ডাকাত গ্রেপ্তারহত্যা, ডাকাতি, ধর্ষণসহ বিভিন্ন মামলার পলাতক আসামি ও কেশবপুরের আজিজ বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড রজব আলীসহ (৫০) দুজনকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া অপরজন হলেন আজিজ বাহিনীর সদস্য রমজান আলী (৪৫)। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মনিরামপুর (যশোর) প্রতিনিধি শিশুর মৃত্যুনওগাঁর সাপাহার উপজেলায় গত বৃহস্পতিবার পাওয়ারটিলারের ফিতায় জড়িয়ে মার্জিয়া খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার অমরপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বালুকাডাঙ্গা গ্রামের জালাল হোসেন পাওয়ারটিলার চালিয়ে যাওয়ার সময় মার্জিয়াসহ অমরপুর গ্রামের বেশ কিছু শিশু পাওয়ারটিলার দেখতে রাস্তায় উঠে আসে। এক পর্যায়ে মার্জিয়ার একটি হাত টিলারের ফিতায় আটকে সে গুরুতর আহত হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মারা যায়। নওগাঁ প্রতিনিধি