সংক্ষেপে সারা দেশ
ছয়জনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মুক্তিযুদ্ধকালীন হত্যা, লুটপাট, নির্যাতন ও মানবতাবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে ওই থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। গত শনিবার মুক্তিযোদ্ধা শেখ ফরিদ এ অভিযোগ করেন। হরিপুর উপজেলার তোররা গ্রামের নজিবুদ্দিন আহম্মেদ, গিয়াস, আইনাল, মোস্তফা, সায়েদ ও আবদুল হকের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়। হরিপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসমত আলী জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁও প্রতিনিধিআইসিটি বিভাগডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে গতকাল রোববার নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ে আইসিটি বিভাগের (জেলা তথ্য বাতায়ন) উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে এ কেন্দ্রের উদ্বোধন করেন। এর মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ের যাবতীয় তথ্য স্বল্পসময়ে স্বল্প খরচে জনগণের কাছে পৌঁছে যাবে। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। নীলফামারী প্রতিনিধিঝাড়ু মিছিলবাগেরহাটে কাজী শহিদুল্লাহ নামে এক আইনজীবীকে গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার শহরে ঝাড়ু মিছিল হয়েছে। বাগেরহাট পৌরসভা কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের দুই সদস্যকে মারধরের অভিযোগে ইউনিয়নের পক্ষ থেকে এই মিছিল করা হয়। পরে তাঁরা পৌরসভার মেয়র, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রেসক্লাবের সভাপতির কাছে একই দাবিতে স্মারকলিপি দেন। কাজী শহিদুল্লাহ মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। বাগেরহাট প্রতিনিধিদুই ভাই গ্রেপ্তারচট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা পুলিশ খাজা রোড এলাকা থেকে গতকাল রোববার দুপুরে জাল টাকাসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে ১০০ টাকার ৮৫টি জাল নোট উদ্ধার করা হয়। পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, জসিম উদ্দিন (২৬) ও মো. মনির (২০)। তাঁদের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। চান্দগাঁও থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, জাল আট হাজার ৫০০ টাকাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম