সংক্ষেপে সারা দেশ
লাশ উদ্ধারনওগাঁর মহাদেবপুর উপজেলায় গতকাল শুক্রবার এনামুল হক (৪০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, উপজেলার রামরায়পুর গ্রামের একটি খালে তাঁর লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে নিহত এনামুল হকের বাবা বদরউদ্দিন প্রামাণিক একটি হত্যা মামলা করেছেন। নওগাঁ প্রতিনিধিবোমা উদ্ধারকুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গতকাল শুক্রবার তিনটি বোমা উদ্ধার করেছে পুলিশ। বাঁধবাজার পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদুল ইসলাম বলেন, উপজেলার চাপড়া ইউনিয়নের কাঞ্চরপুর গ্রামের জিকে খালের ধারে এলাকাবাসী লাল টেপ দিয়ে মোড়ানো এই বোমা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। কুষ্টিয়া অফিসগ্রেপ্তার ৩ ফরিদপুর শহরের এস এ পরিবহন কাউন্টারের সামনে থেকে গত বৃহস্পতিবার প্রতারক চক্রের তিন সদস্যকে দেশীয় তৈরি এলজিসহ গ্রেপ্তার করেছে র্যাব-৮-এর একটি দল। তাঁরা হলেন সুমন, সোহাগ হোসেন ও হাফিজুর রহমান। তাঁদের সবার বাড়ি মধুখালী উপজেলার মেছোরদিয়া গ্রামে। র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক উপপরিদর্শক (এসআই) মাহমুদ জানান, তাঁদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে প্রতারণা এবং অস্ত্র আইনে মামলা হয়েছে। ফরিদপুর অফিসমাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের পানিয়ারূপ এলাকা থেকে গতকাল শুক্রবার সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন ইউনুছ মিয়া ও আসলাম। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মহসীন ভূঁইয়া তাঁদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঅস্ত্রসহ গ্রেপ্তার ২গাজীপুর সদরের তেলিপাড়ায় গত বৃহস্পতিবার পাঁচটি গুলিভর্তি একটি পিস্তলসহ মাকসুদুল কবির ও শরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপপরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন। গাজীপুর প্রতিনিধিপ্রশিক্ষণ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল থেকে দুই দিনব্যাপী রবীন্দ্রসংগীতের প্রশিক্ষণ শুরু হয়েছে। টিআইবির সচেতন নাগরিক কমিটি কার্যালয় মিলনায়তনে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ শ্রীমঙ্গল শাখা এ প্রশিক্ষণের আয়োজন করেছে। এতে ৪০ জন শিল্পী অংশ নেয়। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের প্রশিক্ষক শান্তি নিকেতনের আজিজুর রহমান এবং বিশ্বভারতীর ছায়া কর্মকার প্রশিক্ষণ পরিচালনা করছেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি