সংক্ষেপে সারা দেশ
মানববন্ধনজামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির দাবিতে গতকাল শনিবার মানববন্ধন করেছে পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ। এই সংগঠনের পক্ষে সকাল ১০টায় শহরের শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে শোভাযাত্রাটি মানববন্ধনে রূপ নেয়। মানববন্ধনকালে মুক্তিযোদ্ধা সংসদের নেতারা বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদী মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন। তিনি জঙ্গিবাদের মদদদাতা। আমরা তাঁর ফাঁসি চাই। পিরোজপুর প্রতিনিধি কাপড় উদ্ধাররাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটে আনুমানিক পাঁচ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় কাপড় উদ্ধার করা হয়েছে। বিডিআর সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ভোরে বিডিআরের ৩৭ রাইফেল ব্যাটালিয়নের একটি দল কাঁকনহাটে একটি ট্রাককে ধাওয়া করে। একপর্যায়ে ট্রাক ফেলে চালক পালিয়ে গেলে বিডিআর সদস্যরা ট্রাকসহ ট্রাক বোঝাই কাপড় উদ্ধার করেন। কাপড়গুলো শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী। শোভাযাত্রা৩৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে কেরানীগঞ্জে সমবায় বিভাগের উদ্যোগে গতকাল শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা খাতুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ। উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শিলারা ইসলাম, সমবায় কর্মকর্তা আবু জাফর প্রমুখ। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি।কমিটি গঠনবাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের সভাপতি ও মহাসচিব পদে যথাক্রমে মো. আক্তার হোসেন এবং এস এম মোশাররফ হোসেন পুনর্নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি হুমায়ুন কবির, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম প্রমুখ। সম্মেলনের উদ্বোধন করেন সাংসদ মো. রহমত আলী। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বিজ্ঞপ্তি।