সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ দুই যুবককে গ্রেপ্তর করা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ওসি এ কে এম আলীনুর হোসেন জানান, গতকাল মঙ্গলবার সকালে দৌলতদিয়া ঘাটের সাইনবোর্ড এলাকায় খুলনা থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে দুটি শাটারগান ও পাঁচটি তাজা গুলিসহ উৎপল কুমার সূত্রধর ও সাইদুল ইসলাম নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে তাদের গতকাল রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি। বখাটে গ্রেপ্তারনড়াইলের লোহাগড়া উপজেলায় নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে হাবিবুর রহমান নামের এক বখাটেকে পুলিশ গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত সোমবার উপজেলার আমডাঙ্গা গ্রামের ওই ছাত্রী তার মায়ের সঙ্গে সোনালী ব্যাংক লক্ষ্মীপাশা শাখায় এলে ওই বখাটে মুঠোফোনে তার (ছাত্রী) ছবি তোলে। এর প্রতিবাদ করলে বখাটে ওই ছাত্রী ও তার মাকে গালাগাল করে। লোহাগড়া থানায় ছাত্রীর মা ওই দিন মামলা করলে গতকাল ওই বখাটেকে গ্রেপ্তার করা হয়। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি। আমদানি-রপ্তানি শুরুসাতক্ষীরার ভোমরা বন্দরের ধর্মঘট প্রত্যাহার করায় গতকাল মঙ্গলবার সকাল থেকে আমদানি-রপ্তানি পুনরায় শুরু হয়েছে। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী নওশাদ দিলওয়ার জানান, ভারতীয় পোশাক আটক, ছয়জনকে গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে রোববার সকাল থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। গত সোমবার বিকেলে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়। ফলে গতকাল সকাল থেকে আমদানি-রপ্তানি পুনরায় শুরু হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।