সংক্ষেপে সারা দেশ
চোরাই কাঠ উদ্ধারচট্টগ্রাম নগরের বাকলিয়া থানার বলির হাট এলাকা থেকে তিন লাখ টাকা মূল্যের ১৫০ ঘনফুট চোরাই কাঠ আটক করেছে কোস্টগার্ড। গতকাল শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে বলির হাটের পাশের খালে নোঙর করা একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে এসব কাঠ আটক করা হয়। কোস্টগার্ড ওই নৌকাও আটক করে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে কোস্টগার্ড সেখানে অভিযান চালায়। এসব চোরাই গামারি এবং গর্জন কাঠের অনুকূলে কোনো বৈধ কাগজপত্র বা দাবিদার পাওয়া যায়নি। আটক কাঠ চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামহুইলচেয়ার বিতরণআন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদ্যাপন উপলক্ষে গতকাল শুক্রবার বরিশালের আগৈলঝাড়া উপজেলায় প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার, ক্রাচ ও সাদা ছড়ি বিতরণ করা হয়েছে। বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস) ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়। প্রধান অতিথি স্থানীয় সাংসদ তালুকদার মো. ইউনুস প্রতিবন্ধীদের হাতে এসব উপকরণ তুলে দেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম। বরিশাল অফিসউদ্বোধনগতকাল শুক্রবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হাজি কোরপ আলী ডিগ্রি কলেজ মাঠে আনছারী ফাউন্ডেশন আয়োজিত বিনা মূল্যে স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। গতকাল সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত এই স্বাস্থ্য ক্যাম্পে দেশের ৪০ জন চিকিৎসক প্রায় দুই হাজার রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষধপত্র প্রদান করেন। এতে সভাপতিত্ব করেন আনছারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক হাবিবে মিল্লাত। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জগ্রেপ্তার ৩বিদেশি পিস্তল, দুটি গুলিসহ যশোর কোতোয়ালি থানার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বিপ্লব হোসেন, শফিকুল ইসলাম ও মো. রনি গত বৃহস্পতিবার গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে বিপ্লব ও শফিকুলের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি, ছিনতাই ও মারামারির পাঁচটি মামলা রয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। যশোর অফিসছাত্রাবাসে অগ্নিকাণ্ডবরিশাল নগরের নতুন বাজার এলাকায় শংকর মঠ ছাত্রাবাসে গতকাল শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ছাত্রাবাসের একটি টিনের ঘরসহ শিক্ষার্থীদের বইখাতা ও প্রয়োজনীয় আসবাব পুড়ে গেছে। এ সময় ছাত্রাবাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বরিশালের দমকল বাহিনীর কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। দমকল বাহিনীর তৎপরতার ফলে পার্শ্ববর্তী ঘরগুলোতে আগুন ছড়াতে পারেনি। বরিশাল অফিসতদন্ত কমিটিময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে গত রোববার সোহেল মিয়া ও মাসুদ মিয়া নামে দুই বখাটে লাঞ্ছিত করেছে। এ ঘটনার পাঁচ দিন পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার কলেজের পরিচালনা পর্ষদের সভায় সভাপতি সাংসদ মেজর জেনারেল (অব.) আবদুস সালামের নির্দেশে ঘটনাটি তদন্ত করতে কলেজের অধ্যক্ষ আবদুল বারেক তালুকদারকে দায়িত্ব দেওয়া হয়। এ ব্যাপারে আবদুল বারেক তালুকদার বলেন, বখাটেরদের পরিচয় জানতে আজ শনিবার ওই ছাত্রীকে জিজ্ঞেস করা হবে। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি