সংক্ষেপে সারা দেশ
শিশু নেইকুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে কোনো শিশু বন্দী নেই। গতকাল বুধবার কুমিল্লা পুলিশ লাইন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। ‘আইনের সংস্পর্শে আসা শিশুদের মুক্তির জন্য করণীয়’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি। পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজাউল আহসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি এম এনামুল হক। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।রিভলবার উদ্ধারচাঁদপুরে শহরের নতুন বাজার-পুরান বাজার সেতুর নিচ থেকে গতকাল বুধবার একটি অত্যাধুনিক রিভলবার উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনির আহমেদ জানান, গতকাল দুপুরে র্যাবের একটি দল টহল দেওয়ার সময় পরিত্যক্ত অবস্থায় রিভলবারটি পড়ে থাকতে দেখে। পরে তাঁরা অস্ত্রটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। চাঁদপুর প্রতিনিধি।বিচার দাবিকিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নবনির্বাচিত মুক্তিযোদ্ধা কমান্ডের অভিষেক অনুষ্ঠান থেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানানো হয়েছে। তাড়াইল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বুধবার এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মজিবুল হক। সভাপতিত্ব করেন উপজেলা কমান্ডের সভাপতি আয়ুব আলী। এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মজিবুল হক বলেন, যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়া সরকার শুরু করেছে। অচিরেই এই বিচার শেষ হবে। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।বই বিতরণকিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রশাসন ২০১১ শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য গতকাল বুধবার থেকে বিনা মূল্যে বই বিতরণ শুরু করেছে। উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) কার্যালয়সংলগ্ন গুদাম থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের কাছে বই হস্তান্তর করেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউসুফ আলী। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম খান, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ইমান আলী, সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুর রাশিদ ফকির প্রমুখ উপস্থিত ছিলেন। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি। রোভার মুটবাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের ত্রয়োদশ রোভার মুট সাভার উপজেলার মির্জা গোলাম হাফিজ কলেজে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এই মুটে ঢাকা জেলার আওতাধীন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও মুক্ত রোভার স্কাউট গ্রুপসহ মোট ২১০টি প্রতিষ্ঠানের রোভার, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাসহ প্রায় তিন হাজার জন অংশ নেবেন। সাংসদ তালুকদার মো. তৌহিদ জং মুরাদ এই মুটের উদ্বোধন করার কথা রয়েছে। বিজ্ঞপ্তি।