সংক্ষেপে সারা দেশ
টমি মিয়ার প্রচাররান্নাঘর ছেড়ে আপাতত সুন্দরবনের পক্ষে প্রচারাভিযানে নেমেছেন বিশ্বখ্যাত রন্ধনশিল্পী টমি মিয়া। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দেওয়ার জন্য জনসচেতনতা তৈরি করতে চান তিনি। গতকাল বুধবার মংলা প্রেসক্লাব মিলনায়তনে মংলা প্রেসক্লাব ও এফএসবি লিমিটেড আয়োজিত ‘সুন্দরবনকে ভোট দিন’ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। টমি মিয়া বলেন, সুন্দরবনের বিভিন্ন এলাকা ঘুরে তিনি প্রচারাভিযান চালাবেন। মংলা (বাগেরহাট) প্রতিনিধি।আর পারছি না ...ফরিদপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল চলছিল ‘একটি বাড়ি একটি খামার’ শীর্ষক কর্মশালা। এতে সঞ্চালক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুফ আলী মোল্লা। তিনি কর্মশালায় অংশ নেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রকল্প বাস্তবায়নে ‘মেধা খাটিয়ে সততার সঙ্গে’ কাজ করার অনুরোধ জানান। এর জবাবে চরভদ্রাসনের ইউএনও আবদুর রশিদ বলেন, ‘আমাদের মেধায় আর চলছে না। সততা নিয়ে কাজ করা কঠিন হয়ে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারপন্থী প্রভাবশালী ব্যক্তিদের চাপ মোকাবিলা করতে গিয়ে আমাদের দফারফা অবস্থা। আমরা আর পারছি না।’ ফরিদপুর অফিস।মেছো বাঘ আটকযশোরের মনিরামপুর উপজেলার শেখপাড়া-খানপুর গ্রাম থেকে একটি মেছো বাঘ ধরেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বুধবার একটি তেঁতুলগাছে বাঘটিকে দেখে বন বিভাগে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের লোকজনও আসেন। বাঘটি ধরতে গতকাল বিকেল চারটা পর্যন্ত চলে নানা রকম কৌশল। অবশেষে কয়েকজন গাছে উঠে রশি দিয়ে বেঁধে বাঘটি নিচে নামিয়ে আনেন। মনিরামপুর (যশোর) প্রতিনিধি।গ্রেপ্তার ৩মাগুরার শ্রীপুর উপজেলার কচুয়া গ্রাম থেকে গত মঙ্গলবার চারটি গুলি, তিনটি শাটারগানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার উপপরিদর্শক ফারুক হোসেন বলেন, উপজেলার চিহ্নিত সন্ত্রাসী শহীদুল ইসলাম লোকজন নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় কচুয়া গ্রামের বারিক মিয়ার বাড়িতে বৈঠক করছিলেন। সেখানে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ সময় বারিক মিয়া, তাঁর স্ত্রী জোসনা বেগম ও রুস্তম আলীকে আটক করা হয়। শহীদুল ও তাঁর লোকজন পালিয়ে যেতে সক্ষম হন। মাগুরা প্রতিনিধি।