সংক্ষেপে সারা দেশ
বিক্ষোভ-সমাবেশবড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ষড়যন্ত্র বন্ধের দাবিতে গতকাল বুধবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। উপজেলার নিমতলা মোড়ে কমিটির ফুলবাড়ী শাখা আয়োজিত ওই সমাবেশে বক্তারা ফুলবাড়ী চুক্তির ছয় দফার পূর্ণাঙ্গ বাস্তবায়ন, বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্ত ১০টি গ্রামের জমি অধিগ্রহণের জন্য অবস্থানরত জরিপ দল প্রত্যাহার এবং বড়পুকুরিয়ার সাধারণ মানুষের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।কারাদণ্ডফরিদপুরে দুই মাদক ব্যবসায়ীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। র্যাব-৮ সূত্রে জানা যায়, গতকাল বুধবার ভাঙ্গা উপজেলা থেকে মাদকসহ জুয়েল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে র্যাব। অন্যদিকে মঙ্গলবার রাতে ফরিদপুর শহরের চকবাজার থেকে মাদকসহ শাহান নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়। বিচারক তাঁদের দুজনকেই সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। ফরিদপুর অফিস।গ্রেপ্তারপাবনার আটঘরিয়া উপজেলায় গতকাল বুধবার কোরবান আলী নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সক্রিয় সদস্য। আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) রওশন আলী জানান, দুপুর একটার দিকে উপজেলার ষাটগাছা এলাকা থেকে একটি বিদেশি রিভলবার, তিনটি গুলিসহ কোরবানকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পাবনা অফিস।উচ্ছেদ অভিযান চট্টগ্রামের হাটহাজারীর সংরক্ষিত বনে গতকাল বুধবার সকালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও পাহাড় কাটার সরঞ্জাম আটক করেছে বন বিভাগ। বন বিভাগ সূত্র জানায়, হাটহাজারী রেঞ্জের মন্দাকিনী বিটের অধীন ছোট কাঞ্চনপুর মৌজার সংরক্ষিত বনের ভেতরে গড়ে ওঠা একটি টিনের বসতঘর উচ্ছেদ করা হয়েছে। পরে কোদাল, কুড়ালসহ পাহাড় কাটার নানা সরঞ্জাম আটক করা হয়। এ সময় খননশ্রমিকেরা পালিয়ে যান। অবৈধ স্থাপনা তৈরির অভিযোগে স্থানীয় মোমিন সওদাগরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।