সংক্ষেপে সারা দেশ
মিল্ক ভিটার নির্বাচনবাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) বিশেষ সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। মিল্ক ভিটার সদর দপ্তর ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় গতকাল সকাল নয়টায় সাংসদ চয়ন ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ গোলাম কুদ্দুস। পরে বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মিল্ক ভিটা ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে শফিকুর রহমান, পরিচালক পদে নজরুল ইসলাম (রাজশাহী-১), ফারুক আহমেদ (রাজশাহী-২), সন্ধ্যা রানী (ঢাকা) এবং দ্রিবোস চন্দ্র ঘোষ (খুলনা-বরিশাল) নির্বাচিত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।হস্তান্তরখুলনা মহানগরের সোনাডাঙ্গায় নবনির্মিত সৌরবিদ্যুৎ উৎপাদন ও প্রশিক্ষণকেন্দ্র গতকাল শনিবার খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কাছে হস্তান্তর করা হয়। কেসিসির মেয়র তালুকদার আব্দুল খালেক আনুষ্ঠানিকভাবে প্রকল্পের সমন্বয়কারী জার্মানির ব্রিমেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রকৌশলী বিভূতি রায়ের কাছ থেকে চাবি ও দলিল গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির প্যানেল মেয়র আজমল আহমদ। নিজস্ব প্রতিবেদক, খুলনা।কারাদণ্ডবাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকায় বাড়িতে ঢুকে মরিয়ম বেগম (৪০) ও তাঁর মেয়েকে (১৩) শারীরিকভাবে লাঞ্ছিত ও গালাগালি করার অভিযোগে মুস্তাফিজুর রহমান মুন্নাকে (৩০) এক বছরের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান গতকাল শনিবার এ আদেশ দেন। গতকালই মুন্নাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মেহেদী হাসান জানান, মরিয়ম বেগমের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে ঘটনাস্থলে আদালত বসিয়ে এই আদেশ দেওয়া হয়। বাগেরহাট প্রতিনিধি।