সংক্ষেপে সারা দেশ
টংঘর পুড়ে ছাইরাজধানীর হাজারীবাগের ভাগলপুর বস্তিতে গতকাল শুক্রবার আগুনে অন্তত ২০টি টংঘর পুড়ে গেছে। অবশ্য এতে কেউ হতাহত হয়নি। বস্তির ভেতরের একটি রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। সূত্র জানায়, ভাগলপুরের কিছু ব্যক্তি পানির ওপরে বাঁশ দিয়ে টংঘর তৈরি করে ভাড়া দেন। এ রকম একটি টংঘরে গতকাল বেলা ১১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে ২০টি ঘর পুড়ে যায়। নিজস্ব প্রতিবেদক।বিনা মূল্যে সেবামাগুরা সদর হাসপাতালে গতকাল শুক্রবার থেকে তিন দিনব্যাপী ঠোঁট ও তালুকাটা রোগীদের বিনা মূল্যে অস্ত্রোপচার ও চিকিৎসাসেবা দেওয়া শুরু হয়েছে। আগ্রাবাদ লায়ন্স ক্লাবের উদ্যোগে ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মাগুরা শাখার সার্বিক তত্ত্বাবধানে এ মেডিকেল ক্যাম্পের ব্যয় নির্বাহ করছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিত্তরঞ্জন রায় জানান, কুমিল্লা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক পান্না লাল সাহার নেতৃত্বে ১১ সদস্যের চিকিৎসক দল এ সেবা কার্যক্রম শুরু করেছে। মাগুরা প্রতিনিধি।গ্রেপ্তারগাইবান্ধায় প্রতারণার অভিযোগে আজমল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার আলমগীর হোসেন জানান, গত বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের একটি চায়ের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় প্রতারণার মামলা রয়েছে। জয়পুরহাট প্রতিনিধি।ছিনতাইয়ের চেষ্টামৌলভীবাজারে বন বিভাগের জব্দ করা বাঁশ দুর্বৃত্তরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বন বিভাগের সংরক্ষিত দুটি বাঁশমহাল থেকে দুর্বৃত্তরা বাঁশ কেটে গাজীপুর-সাগরনাল সড়কের পাশে স্তূপ করে রাখে। রাত আটটার দিকে বন বিভাগের লোকজন বাঁশগুলো জব্দ করে ট্রাকে করে কুলাউড়া রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসছিলেন। ট্রাকটি গাজীপুর বাজার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পথ রোধ করে বাঁশ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। বনপ্রহরীরা গুলি করার হুমকি দিলে তাঁরা পালিয়ে যায়। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি।