সংক্ষেপে সারা দেশ
গ্রেপ্তার ৩চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে গতকাল রোববার ৩৬ কেজি সিসাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সীপুর গ্রামের দবির উদ্দিন, তরিকুল ইসলাম ও তৈয়ব আলী। র্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় মামলা করা হয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি। স্মারকলিপিলিক্যুইফাইড পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ঘোষিত মূল্যে গ্যাস প্রাপ্তির দাবিতে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল রোববার খুলনা নাগরিক সমাজের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. জমসের আহম্মদ খন্দকারের কাছে এই স্মারকলিপি দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, খুলনা।অপহরণ, উদ্ধাররাজবাড়ীর পাংশা উপজেলায় অপহরণের ১০ ঘণ্টা পর এক স্কুলছাত্রকে উদ্ধার করা হয়েছে। পাংশা থানার ওসি মুন্সি মোফাজ্জেল হোসেন জানান, ঢাকার ব্যবসায়ী ইউছুপ সপরিবারে গত বৃহস্পতিবার গ্রামের বাড়ি পাংশার সেগ্রামে বেড়াতে আসেন। শুক্রবার দুপুর ২টার দিকে সন্ত্রাসীরা তাঁর ছেলে স্কুলছাত্র সাগরকে অপহরণ করে। পুলিশের তিনটি বিশেষ দল অভিযান চালালে সন্ত্রাসীরা রাজবাড়ীর ধাওয়াপাড়া সংলগ্ন পদ্মার চরে সাগরকে ফেলে রেখে যায়। রাত ১২ টার দিকে তাকে উদ্ধার করা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।বৈধ নয়গত শনিবার বিভিন্ন পত্রিকায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের নতুন কমিটি গঠনের খবর দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দুজনের নাম প্রকাশ করা হয়। ওই কমিটি বৈধ নয় বলে দাবি করে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচয়ে বিজ্ঞপ্তি পাঠিয়েছেন হুমায়ুন কবির ও সৈয়দ আশরাফুল ইসলাম। তাঁরা দাবি করেন, গত দুই অক্টোবর জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ বি তাজুল ইসলামের উপস্থিতিতে সম্মেলন করে হুমায়ুন কবীরকে সভাপতি ও আশরাফুল ইসলামকে সম্পাদক করে কমিটি করা হয়েছে। তাই অন্য কোনো কমিটি বৈধ নয়। বিজ্ঞপ্তি।