সংক্ষেপে সারা দেশ
স্কুলছাত্রের মৃত্যুফেনীর ছাগলনাইয়া উপজেলায় গতকাল মঙ্গলবার তৌহিদুল আলম (১৫) নামের এক স্কুলছাত্র ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছে। পরিবারের দাবি, সে আত্মহত্যা করেছে। ধর্মপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র তৌহিদুলের পরিবার জানায়, গত সোমবার তাকে বেঁধে মারধর করেন তার চাচা। গতকাল ভোরে সে আবদুল হক চৌধুরী ডিগ্রি কলেজ হোস্টেলের ছাদ থেকে লাফিয়ে পড়ে। তৌহিদুলকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি।পরিদর্শননৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গত সোমবার মংলা বন্দর পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বলেন, দেশের বিদ্যুৎ ঘাটতি কমাতে ও মংলা সমুদ্রবন্দরকে আরও গতিশীল করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। মংলার পশুর নদীর পারে দুই হাজার ৬০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং পশুর চ্যানেলের নাব্যতা ফিরিয়ে আনতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ সময় তাঁর সঙ্গে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মংলা (বাগেরহাট) প্রতিনিধি।গ্রেপ্তার ৩হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গতকাল মঙ্গলবার এক কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জয়নাল আবেদীন, ইউছুব মিয়া ও জহিরুল ইসলাম। মাধবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদুল আলম খান জানান, আদাঐর ইউনিয়নের রাজনগর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা মাদক পাচারকারী দলের সদস্য। এ ব্যাপারে মাদক আইনে মামলা করা হয়েছে। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।বিএনপি নেতা গ্রেপ্তারসিরাজগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হারুন জানান, শহরের বিভিন্ন স্থানে সরকারবিরোধী পোস্টার লাগানোর অভিযোগে গত সোমবার রাতে তাঁকে জেলা শহরের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।জুয়ার আসর পণ্ড কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় অভিযান চালিয়ে একটি জুয়ার আসর ভেঙে দিয়েছে পুলিশ। এলাকাবাসী ও তাড়াইল থানা সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে চলাকধলা ইউনিয়নের সেকান্দরনগর গ্রামে কিছু ব্যক্তি গানের নামে অশ্লীল নৃত্য ও জুয়া খেলার আসর বসান। খবর পেয়ে পুলিশ গিয়ে সেটি ভেঙে দেয়। তাড়াইল থানার ওসি মো. আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় জুয়া খেলা বন্ধ করতে পুলিশ সচেষ্ট রয়েছে। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।নির্বাচন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে মহাজোট-সমর্থিত রজব-ওহাব পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে জয়লাভ করেছে। অপর দিকে বিএনপি-জামায়াত সমর্থিত কাশেম-রফিক পরিষদ সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদকসহ ১১টি পদে জয়ী হয়েছে। গত সোমবার ভোট গ্রহণ শেষে দিবাগত রাত একটার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১৭টি পদের জন্য দুটি প্যানেলে ৩৪ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।পিঠা উৎসবময়মনসিংহের ত্রিশালে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার পিঠা উৎসব উদ্যাপন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী অংশ নেন। চারুকলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। বেলা ১১টার দিকে উপাচার্য অধ্যাপক সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ পিঠা খেয়ে উৎসবের সূচনা করেন। পরে প্রতিটি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উৎসবে যোগ দেন। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।