সংক্ষেপে সারা দেশ
হাজতির মৃত্যু রাজবাড়ী সদর হাসপাতালে গতকাল রোববার দুপুরে জেলা কারাগারের হাজতি মুন্নু মিয়ার মৃত্যু হয়েছে। তিনি গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মো. শওকত আলীর ছেলে। স্ত্রীর করা যৌতুক নেওয়ার মামলায় মুন্নু হাজতে ছিলেন। কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জেল সুপার সৈয়দ শরিফুল ইসলাম জানান, দুপুরে হাজতি মুন্নু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।রোড শো‘সুন্দরবনকে বিজয়ী করুন’—এ স্লোগানকে সামনে রেখে গতকাল রোববার বাগেরহাটে রোড শো করেছে বেসরকারি প্রতিষ্ঠান সুন্দরবন একাডেমি। সকালে পিরোজপুর থেকে শুরু হয়ে রোড শোটি বাগেরহাট ও সাতক্ষীরা হয়ে খুলনায় এসে শেষ হয়। বেলা ১১টার দিকে রোড শোটি বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছালে জেলা প্রশাসক মো. আকরাম হোসেন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বাগেরহাট-২ আসনের সাংসদ মীর শওকাত আলী উপস্থিত ছিলেন। বাগেরহাট প্রতিনিধি।আসামি গ্রেপ্তারচুয়াডাঙ্গায় গৃহবধূ বিলকিস হত্যা মামলার আসামি ও নিহতের স্বামী এনামুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সদর থানার সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী শহরের ভাটই বাজার থেকে এনামুলকে গ্রেপ্তার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে সদর উপজেলার আলিয়ারপুর গ্রামে বিলকিসকে হত্যা করা হয়। ঘটনার পর নিহত বিলকিসের বাবা বাদী হয়ে এনামুলসহ চারজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। ঘটনার পর থেকে এনামুল পলাতক ছিলেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি।সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ী শহরের ধুনচী এলাকা থেকে গত শনিবার রাতে সালেহা বেগম নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজবাড়ী সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রমজান খন্দকার জানান, ২০০৭ সালে অর্থ লেনদেন-সংক্রান্ত একটি মামলায় জেলা দায়রা জজ আদালত সালেহাকে দুই লাখ ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ডাদেশ দেন। তখন থেকেই সালেহা পলাতক ছিলেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।