সংক্ষেপে সারা দেশ
ক্লাস বর্জন মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ গতকাল রোববার ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছে। খাগড়াছড়ি সরকারি কলেজসহ সদরের মাধ্যমিক বিদ্যালয়গুলোর আদিবাসী শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা এক বিবৃতিতে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের ধন্যবাদ জানান। খাগড়াছড়ি প্রতিনিধি।খাজনা মেলাবাগেরহাটের কচুয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল রোববার ‘খাজনা মেলা’ অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম মাফুজুর রহমান মেলার উদ্বোধন করেন। মেলায় তিন হাজার ৩০ টাকা খাজনা আদায় হয়েছে। ইউরোপীয় কমিশনের আর্থিক সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টারি সার্ভিসেস ওভারসিজ (ভিএসও) বাংলাদেশ এবং রূপান্তরের উদ্যোগে জেলার চারটি উপজেলার আটটি ইউনিয়নে এ কর্মসূচি নেওয়া হয়েছে। বাগেরহাট প্রতিনিধি।বিক্ষোভ মিছিলখুলনার ডুমুরিয়া উপজেলার চহেড়া গ্রামে ইটভাটা তৈরির প্রতিবাদে গতকাল রোববার বিক্ষোভ মিছিল হয়েছে। সচেতন চহেড়াবাসীর ব্যানারে মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন কৌশিক মণ্ডল। সমাবেশ থেকে সব রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠনসহ সর্বস্তরের জনগণকে চহেড়ার এ আন্দোলনে পাশে থাকার আহ্বান জানানো হয়। ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।এনজিও কর্মী আহতবাগেরহাটে ফাতেমা আক্তার (৩০) নামের একজন এনজিও কর্মীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের সময় এলাকাবাসী সুজন ডাকুয়াকে (২৭) আটক করে পুলিশে দিয়েছেন। গতকাল রোববার সদর উপজেলার চরগ্রাম খেয়াঘাটের কাছে এ ঘটনা ঘটে। ফাতেমা ‘আশা’ এনজিওর বাগেরহাট শাখায় ঋণ কর্মকর্তা হিসেবে কর্মরত। তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, আটক সুজন একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। বাগেরহাট প্রতিনিধি।মস্তকবিহীন লাশ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ধাদনা খাল এলাকা থেকে গতকাল রোববার এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ জানান, স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। নোয়াখালী অফিস।