সংক্ষেপে সারা দেশ
গ্রেপ্তার তিনজনলক্ষ্মীপুর সদর উপজেলার গঙ্গাপুর গ্রামে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গতকাল রোববার তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. শিপন, সুমন হোসেন ও বেলাল হোসেন। সদর থানার উপপরিদর্শক আবদুর রব বলেন, এটি একটি পাশবিক ঘটনা। এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর নানি মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের আদালতের মাধ্যমে গতকালই জেলহাজতে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুর প্রতিনিধি।বার্ড ফ্লুকিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গতকাল রোববার বার্ড ফ্লু আক্রান্ত ৯৫০টি মুরগি নিধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, দুই দিনের ব্যবধানে উপজেলার নাগেরগাঁও গ্রামের দয়াল পোলট্রি খামারের বেশকিছু মুরগি মারা যাওয়ার পর বিষয়টি প্রাণিসম্পদ কর্মকর্তার নজরে আসে। পরে মুরগির নমুনা ঢাকায় পাঠানো হয়। পরীক্ষায় বার্ড ফ্লু ধরা পড়লে মুরগি নিধনের সিদ্ধান্ত নেন তাঁরা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ বলেন, প্রতিটি মুরগির জন্য সরকারের পক্ষ থেকে ২০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।দুই পরীক্ষার্থী বহিষ্কারনেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দাখিল পরীক্ষায় নকলের দায়ে গতকাল রোববার দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে কক্ষ পরিদর্শক সাখাওয়াত হোসেন, বজলুল হায়দার ও তাসলিমা বেগমকে কারণ দর্শানোর নোটিশ দিতে কেন্দ্র কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। ইউএনও মোহাম্মদ রেজাউল করিম বলেন, তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশের সন্তোজনক জবাব না পেলে দায়ী শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।