সংক্ষেপে সারা দেশ
উদ্বোধনসিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জেলা পল্লী বিদ্যুৎ সমিতির বেলকুচি আঞ্চলিক কার্যালয় চত্বরে গতকাল শনিবার নবনির্মিত পাঁচ এমভিএ উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। তিনি জানান, সরকার বিদ্যুৎ সমস্যার সমাধানে সব প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী বছরের মধ্যে দেশে বিদ্যুতের সব চাহিদা পূরণ করা হবে বলে আশা করা হচ্ছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।পুনর্মিলনীঢাকার ঐতিহ্যবাহী বেরাইদ মুসলিম হাইস্কুলের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৫ মার্চের পরিবর্তে আগামী ৮ এপ্রিল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আগ্রহী শিক্ষার্থীদের ২৪ মার্চের মধ্যে ছবিসহ নাম নিবন্ধনের অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: ০১৮২২৮৯৪৬৪২, ১৮২২৭৫৮১২৪, ০১৭১১১৭১৮১৯। বিজ্ঞপ্তি।বাজারে অগ্নিকাণ্ডকিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদর বাজারে গতকাল শনিবার অগ্নিকাণ্ডে দুটি মার্কেটের ২৫টি দোকান পুড়ে গেছে। এলাকাবাসী জানান, বাজারের একটি মনোহারি দোকানের কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে বাজারের শিকদার মার্কেট ও হাই মার্কেটের ২৫টি দোকান পুড়ে যায়। স্থানীয় লোকজন প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।স্বীকৃতি দাবিক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে নয়, আদিবাসীদের আদিবাসী বলেই রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। এই দাবিতে গতকাল শনিবার মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম। এতে বক্তব্য দেন ফোরামের মহাসচিব জিডিশন প্রধান সুচিয়াং, চা-জনগোষ্ঠী আদিবাসী ফোরামের সভাপতি পরিমল সিং বারাইক, মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সিংহ, খাসি সোশ্যাল কাউন্সিলের সহসভাপতি ফিলা পতমী প্রমুখ। মৌলভীবাজার প্রতিনিধি।উদ্যমী মা সম্মাননাব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং গ্রামের সাহেদা বেগম ও জামেনা বেগমকে গত শুক্রবার ‘উদ্যমী মা সম্মাননা’ দেওয়া হয়েছে। গুঞ্জন পাঠাগারের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠাগারের উদ্যোগে ওই দুই মাকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজিয়া খাতুন। প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রোটারিয়ান একরামুল হক। স্বাগত বক্তব্য দেন পাঠাগারের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।