সংক্ষেপে সারা দেশ
পিএইচএফবিডির সভাসমাজের কাছে মেডিকেল কলেজগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করতে নীতিনির্ধারক, মেডিকেল কলেজ ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। গত বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশের (পিএইচএফবিডি) উদ্যোগে এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। পিএইচএফবিডির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা মুজাহেরুল হক, ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক টিমোথি জি ইভান্স, যুক্তরাজ্যের গ্লাসগো ক্যালিডোনিয়ান ইউনিভার্সিটির শিক্ষক বারবারা পারফিট প্রমুখ। বিজ্ঞপ্তি।বইমেলা শুরুসিলেট শহরের জিন্দাবাজার এলাকার নজরুল একাডেমিতে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা। নজরুল একাডেমি এ মেলার আয়োজন করেছে। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক দেওয়ান তৌফিক মজিদ লায়েক। এতে ঢাকাসহ সিলেটের ১০টি স্টল অংশ নিয়েছে। সিলেট প্রতিনিধিগ্রেপ্তার চারটাঙ্গাইলের সখীপুর উপজেলায় গত বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার হাতিবান্ধা গ্রামের ঠান্ডু মিয়া, আবদুল কাদের, তোফাজ্জল হোসেন ও কৈয়ামধু গ্রামের বিপ্লব। থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলেন। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঅজ্ঞাত লাশ উদ্ধাররাজধানীর খিলক্ষেত থানার পিংক সিটি এলাকার একটি বালুর মাঠ থেকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স চল্লিশের কিছু বেশি। খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সবুর জানান, সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাত তিনটার দিকে পিংক সিটির এক নম্বর গেট থেকে ২০০ গজ পশ্চিমে একটি বালুর মাঠ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তাঁর মাথার পেছনে গুলির চিহ্ন এবং দুই হাত ও মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। পরনে কালো জিনস ও কালো হাফশার্ট। লাশটির অর্ধেক অংশ বালুর মধ্যে পোঁতা ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে অন্যত্র হত্যা করে ওই স্থানে ফেলে গেছে। নিজস্ব প্রতিবেদক