সংক্ষেপে সারা দেশ
প্রশিক্ষণ কোর্সচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগে দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ কোর্স আজ শুক্রবার শুরু হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাববিষয়ক এ প্রশিক্ষণ কোর্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আইটিএন (ইন্টারন্যাশনাল ট্রেনিং নেটওয়ার্ক) বুয়েট ও সাব-সেন্টার (উপকেন্দ্র), চুয়েট যৌথভাবে আয়োজন করছে। জানা যায়, প্রশিক্ষণে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে প্রধানত পানি এবং জনসাধারণের স্বাস্থ্যের ওপর কী কী প্রভাব পড়ছে এবং এগুলো মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ কী ও কীভাবে নেওয়া যায়, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ কোর্স প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে হবে। চুয়েট প্রতিনিধি।গ্রেপ্তারের দাবিতে পিরোজপুরের স্বরূপকাঠি পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী আবদুল কাদেরের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার এলাকাবাসী মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী শাহিনুল ইসলাম, স্বরূপকাঠি যুবদলের সভাপতি আকরামুল ইসলাম, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা বিএনপিন সাবেক সহসভাপতি কাজী মাহাতাব ও নিহত কাদেরের মা তহুরা বেগম। গত শুক্রবার কাদেরের বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পিরোজপুর প্রতিনিধি।