সংক্ষেপে সারা দেশ
ডাকাত গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের বগাইল নামক এলাকা থেকে এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতি শেষে ফেরার পথে গতকাল ভোরে হাফেজ তালুকদার নামের ওই ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, হাফেজ ডাকাতদলের সর্দার। তিনি ১৯৯৬ সালে নূরুল্লাগঞ্জে বলরাম মাস্টারের বাড়িতে ডাকাতি করতে গিয়ে বলরামকে হত্যা করেন। ওই মামলায় তাঁর যাবজ্জীবন সাজা হয়। এখন হাইকোর্টের আদেশে তিনি জামিনে রয়েছেন। ফরিদপুর অফিস।একজন গ্রেপ্তাররাজবাড়ীর আদালত চত্বরের বাইরে থেকে নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার সর্বহারা পার্টির আরিফ হোসেন পক্ষের সেকেন্ড ইন কমান্ড নাজিম উদ্দিনকে গতকাল বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ গ্রেপ্তার করেছে। জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) হায়দার হোসেন জানান, সদর উপজেলার বরাট উড়াকান্দা বাজারে আলোচিত চার হত্যা মামলা ও পাবনার ঢালারচর পুলিশ হত্যা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে নাজিমকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি। মানববন্ধনমৌলভীবাজার শহরের মনু নদের সেতুর কাছ থেকে উচ্ছেদের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে হরিজন সম্প্রদায়। গত মঙ্গলবার সড়ক ও জনপথ বিভাগের জায়গা থেকে তাদের উচ্ছেদ করা হয়। মানববন্ধনে তারা অভিযোগ করে, অনেক দিন থেকে তারা মনু নদের সেতুর কাছে কাঁচাপাকা ঘর নির্মাণ করে বসবাস করছে। জায়গা নিয়ে আদালতে একটি মামলাও আছে। মামলা থাকা সত্ত্বেও তাদের উচ্ছেদ করা হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি।